প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬’ আয়োজনের পরিকল্পনা করেছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই সম্মেলন আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের আহ্বায়ক ও কলা অনুষদের ডীন অধ্যাপক ড. বেলাল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ আগামী ১৯ ও ২০ ডিসেম্বর অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬ আয়োজন করতে যাচ্ছে। তিনি আরও জানান, অ্যালামনাই সম্মিলন শুধুমাত্র একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়, বরং এটি প্রিয় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় প্রাঙ্গণে ফিরে আসার, শিক্ষাজীবনের সোনালি দিনগুলোকে নতুন করে স্মরণ করার, শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষকদের সান্নিধ্য লাভের এবং প্রিয় সহপাঠীদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার একটি অনন্য উপলক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বি.এ. (অনার্স), এম.এ., এম.ফিল এবং পিএইচডি ডিগ্রিধারী সাবেক শিক্ষার্থীরা নিবন্ধন ফি দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে এমএ শেষ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানরাও জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা ফি দিয়ে অংশ নিতে পারবেন। নিবন্ধন ফি সাধারণ সদস্যদের জন্য ৩ হাজার, নতুন আজীবন সদস্যদের জন্য ৭ হাজার ৫০০, পুরোনো আজীবন সদস্যদের জন্য ২ হাজার ৫০০ এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২০ সালের সম্মিলনে নিবন্ধিত আজীবন ও সাধারণ জীবন সদস্যদের জন্য ৫০০ টাকা ছাড় রাখা হয়েছে।
নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে আয়োজকেরা জানান, নির্ধারিত ফি অগ্রণী ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সঞ্চয়ী হিসাবে জমা দিতে হবে। পরে নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য, ছবি এবং টাকা জমার রসিদ সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://csa.ru.ac.bd/isaa/ ওয়েবসাইটে। আগামী ৩০ নভেম্বর নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমাদের অন্যতম লক্ষ্য হলো বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে একটি অভিন্ন, সুসংগঠিত এবং শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা। তাদের অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষা এবং কর্মজীবনে সহযোগিতার কার্যকর সুযোগ সৃষ্টি করা। আমাদের প্রত্যাশা, এবারের সম্মিলনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সুদৃঢ় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে এবং ভবিষ্যতে বিভাগের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সম্মেলনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা। সম্মেলনের সার্বিক প্রস্তুতি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সবাইকে সম্মিলনে অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন