প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনরায় নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে নূর ইসলাম বিজয়ী হন।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন সদস্য পরম উৎসাহের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু উপস্থিত সকলের সামনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পান ৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বিজয়ী নূর ইসলাম পান ৪৫ ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান নান্টু ৪১ ভোট পান এবং অপর প্রার্থী জুয়েল মৃধা পান ২৯ ভোট।
ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিজয়ী হন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পান ৫২ ভোট।
কার্যনির্বাহী সদস্যের ৬টি পদে বিজয়ী ছয়জন হলেন, শহিদ জয় (৯৬ ভোট), রফিকুল ইসলাম (৯২ ভোট), গালিব হাসান পিল্টু (৮০ ভোট), মুর্শিদুল আজিম হিরু (৭৯ ভোট), এস এম সোহেল (৬২ ভোট) এবং তৌহিদ জামান (৫৯ ভোট)।
এর আগে একাধিক প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দফতর সম্পাদক পদে তহীদ মনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সম্পূর্ণ নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন