প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : কানাডার সুপ্রিম কোর্ট শুক্রবার একটি ঐতিহাসিক রায় প্রদান করেছে, যা দেশের অন্যতম আলোচিত মামলার সাথে সম্পর্কিত। মামলাটি কুইবেক প্রদেশের একটি আইনকে কেন্দ্র করে, যেখানে প্রাদেশিক সরকারের নির্দিষ্ট কিছু কর্মকর্তা-কর্মচারীর ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০১৯ সালে কুইবেক সরকার আইনটি পাস করার পর থেকেই এটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আইনি বিতর্ক শুরু হয়।
বিতর্কের একটি প্রধান কারণ হলো, কানাডার প্রধানত ফরাসিভাষী প্রদেশ কুইবেকে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার বিষয়টি দীর্ঘকাল ধরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইস্যু হয়ে রয়েছে। এক সময় এই প্রদেশের জনজীবনে ক্যাথলিক চার্চের ব্যাপক প্রভাব ছিল। সেই প্রভাব থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আলাদা করার প্রচেষ্টাও দীর্ঘদিনের।
এই মামলার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে চলমান একটি গুরুত্বপূর্ণ বিতর্কও সামনে এসেছে। বিশেষ করে ফ্রান্সের মতো কঠোর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধর্মীয় প্রভাবমুক্ত রাখার নীতির সঙ্গে মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন এবং নিজ নিজ ধর্মীয় প্রতীক ব্যবহারের অধিকারের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে অ্যাংলো-স্যাক্সন ধারার দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান রয়েছে।
কুইবেকের এই মামলাকে কানাডার কেন্দ্রীয় সংবিধানের বিধান অমান্য করে প্রাদেশিক সরকারগুলো কত দূর পর্যন্ত আইন করতে পারে, তার একটি বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে দেশটির আইনে থাকা ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ বা সংবিধানের কিছু অধিকার সাময়িকভাবে অগ্রাহ্য করার বিশেষ বিধানের প্রয়োগ নিয়ে এ মামলা গুরুত্বপূর্ণ।
কানাডার আইনি ব্যবস্থায় থাকা এই বিশেষ বিধানের মাধ্যমে প্রাদেশিক সরকার এমন কিছু আইন করতে পারে, যা দেশটির ‘চার্টার অব রাইটস অ্যান্ড ফ্রিডমস’ বা অধিকার ও স্বাধীনতার সনদের নির্দিষ্ট কিছু বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
কুইবেক সরকার ২০১৯ সালে ধর্মনিরপেক্ষতা আইন পাসের সময়ই আগাম এই বিশেষ বিধানটি প্রয়োগ করে। কারণ, তারা ধারণা করেছিল, ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারের প্রশ্নে আইনটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে।
এদিকে রক্ষণশীল সরকার পরিচালিত কানাডার আরও কয়েকটি প্রদেশও বিভিন্ন বিতর্কিত আইন রক্ষায় একই বিধান প্রয়োগ করেছে। এর মধ্যে ট্রান্সজেন্ডার শিশু-কিশোরদের অধিকারসংক্রান্ত আইনও রয়েছে।
২০২৩ সালে সাসকাচুয়ান প্রদেশ এই বিশেষ সাংবিধানিক বিধান প্রয়োগ করে একটি আইন পাস করে। ওই আইনে বলা হয়, ১৬ বছরের কম বয়সী কোনো শিক্ষার্থীর সর্বনাম (যেমন—তিনি, সে) পরিবর্তন করতে হলে স্কুল কর্তৃপক্ষকে আগে তার অভিভাবকের সম্মতি নিতে হবে।
এ ছাড়া আলবার্টা প্রদেশও এ বিশেষ বিধান প্রয়োগ করেছে। সেখানে ট্রান্সজেন্ডার কিশোরীদের মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং ১৬ বছরের কম বয়সীদের হরমোন থেরাপি গ্রহণে বিধিনিষেধ আরোপসংক্রান্ত আইন করা হয়েছে।
কুইবেকের মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ওপর তাই শুধু ওই প্রদেশ নয়, পুরো কানাডার আইনি ও রাজনৈতিক অঙ্গনের ভবিষ্যৎ প্রভাব নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।
ধর্মীয় স্বাধীনতা কি নিরঙ্কুশ অধিকার?
কুইবেকের আইনটিতে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রদেশটি একটি ধর্মনিরপেক্ষ অঞ্চল।
আইন অনুযায়ী, বিচারক, পুলিশ কর্মকর্তা ও শিক্ষকের মতো কর্তৃত্বপূর্ণ দায়িত্বে থাকা নির্দিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনের সময় ধর্মীয় প্রতীক পরতে পারবেন না।
এ ছাড়া সরকারি কর্মচারী, সরকারি ভবনে সেবা নিতে আসা ব্যক্তি এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে পুরো মুখ ঢেকে রাখে—এমন পোশাক ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন বিভাগের অধ্যাপক ড্যানিয়েল তুর্প এএফপিকে বলেন, এখন পর্যন্ত কানাডার অধিকার ও স্বাধীনতার সনদকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে দেশটির বহুসাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন ঘটে।
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট ধর্মীয় স্বাধীনতাকে অনেকটা এমন এক নিরঙ্কুশ অধিকারের মর্যাদা দিয়েছে, যার ওপর কোনো সীমা বা বিধিনিষেধ আরোপ করা যায় না।’
তবে কুইবেক সরকার বলছে, ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি বিবেকের স্বাধীনতাসহ অন্যান্য অধিকারও সমান গুরুত্বপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে বিবেকের স্বাধীনতার সঙ্গে ধর্মীয় স্বাধীনতার বিরোধ তৈরি হতে পারে বলেও প্রদেশটির যুক্তি।
আইনটির বিরুদ্ধে কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমসহ বিভিন্ন সংগঠন আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে।
২০২৪ সালে কুইবেকের আপিল আদালত আইনটির পক্ষে রায় দেন। এরপর বিরোধীরা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
এমন এক সময়ে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ রায় এলো, যার মাত্র এক মাস আগে কুইবেকে বিচ্ছিন্নতাবাদী ও কঠোর ধর্মনিরপেক্ষতাবাদী অবস্থানের একটি প্রাদেশিক সরকার নির্বাচিত হয়েছে। নির্বাচনের আগে তারা জনজীবনে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন