প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ইংল্যান্ড সফরের সময় অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা শরণার্থী ভেবে দলের অবস্থান করা হোটেলের সামনে জড়ো হন। তবে, কিছু সময় পর তারা ভুল বুঝতে পেরে সেখান থেকে সরে যান।
এটি মঙ্গলবার সন্ধ্যায় ইংল্যান্ডের পোর্টসমাউথে ঘটে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল শহরের একটি ম্যারিয়ট হোটেলে অবস্থান করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে হোটেলটির সামনে একটি কোচ ও কয়েকজন এশীয় তরুণের ছবি ছড়িয়ে পড়ার পর সেখানে শরণার্থীদের থাকার দাবি ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ থেকে ৫০ জন মুখ ঢাকা অবস্থায় বিক্ষোভকারীরা হোটেলের সামনে জড়ো হন।
হ্যাম্পশায়ার কাউন্টি কাউন্সিলের রিফর্ম ইউকে কাউন্সিলর জর্জ ম্যাডগউইক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি হোটেল কর্তৃপক্ষ ও পাকিস্তান দলের কোচের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে, সেখানে অবস্থানরত ব্যক্তিরা শরণার্থী নন, বরং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও সংশ্লিষ্ট সদস্য।
ম্যাডগউইক বিক্ষোভকারীদের জানিয়ে বলেন, ‘আপনারা ভুল বুঝেছেন, এটা ক্রিকেট দল।’ এরপর বিক্ষোভকারীরা ভুল বুঝতে পেরে কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে চলে যান।
পরে ম্যাডগউইক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে হোটেলে শরণার্থী থাকার খবরকে ভুল বলে নিশ্চিত করেন।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের ভুল ধারণা পরিষ্কার করেন। পুলিশ জানায়, এ ঘটনায় কোনো অপরাধ শনাক্ত হয়নি।
পোর্টসমাউথে সম্প্রতি অভিবাসন ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। ইংলিশ চ্যানেল পার হয়ে আসা শরণার্থীদের নিয়ে কয়েক দিন আগে শহরটিতে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তান দলের কোচের হোটেলে পৌঁছানোর ছবি ছড়িয়ে পড়ার পর এই বিভ্রান্তি তৈরি হয়।
ঘটনার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তান যুব দলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছে। সফরের বাকি অংশে দলটির নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করা হচ্ছে।
বর্তমানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন