প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। লিখিত পরীক্ষার নম্বর কমানোর বিরুদ্ধে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ভাইভা না মেধা, মেধা মেধা’, ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’, ‘ভাইভা কোটার ঠিকানা, বাংলাদেশে হবে না’ এবং ‘ভাইভা-কোটা সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি।
সমাবেশে গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাহিদ বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল ছাত্রদের হাত ধরে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমেই। শিক্ষার্থীরা তাদের অধিকার রক্ষায় আপসহীন।" তিনি আরও বলেন, "মেধার মূল্যায়নে কোনো ধরনের কারচুপি বা হস্তক্ষেপের চেষ্টা করা হলে তা ছাত্রসমাজ মেনে নেবে না এবং রাজপথেই এর ফয়সালা করবে। ইতিহাস থেকে বর্তমান নীতি নির্ধারকদের শিক্ষা নেওয়া উচিত।"
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুলতান মাহমুদ মন্তব্য করেন, "ভাইভা বোর্ডে অতিরিক্ত নম্বর বরাদ্দ রাখার অর্থই হলো স্বজনপ্রীতি, রাজনৈতিক বিবেচনা ও আঞ্চলিক প্রভাব বিস্তার করার প্রত্যক্ষ সুযোগ তৈরি করে দেওয়া।" তিনি সতর্ক করেন যে, "এতে করে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরা চূড়ান্তভাবে বঞ্চিত হবেন এবং দুর্নীতির নতুন দুয়ার উন্মোচিত হবে। আমরা অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"
এছাড়া, উল্লেখযোগ্য যে, সম্প্রতি সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ১১ ও ১২তম গ্রেডের ক্ষেত্রে মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত ৫০ এবং মৌখিক ৫০ নম্বর; ১৩ থেকে ১৬তম গ্রেডে লিখিত ৬০ ও মৌখিক ৪০ নম্বর; এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ৫০ নম্বরের পরীক্ষার মধ্যে লিখিত ২৫ এবং মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন