প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন র্যাপার ম্যাকলমোর সম্প্রতি জানিয়েছেন যে, তিনি এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে প্রাপ্ত ১০ লাখ ডলারের পুরো অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ছয়টি সংগঠনে দান করবেন।
এই ঘোষণা তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) দেন, যখন তিনি মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কথা বলার পর সফর থেকে বাদ দেওয়ার বিতর্কের মধ্যে ছিলেন।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে, ম্যাকলমোর, যার আসল নাম বেন হ্যাগার্টি, বলেন, "এড শিরানের লুপ ট্যুর থেকে পাওয়া আমার পুরো ১০ লাখ ডলার নিট আয় ফিলিস্তিনি জনগণকে সরাসরি সহায়তা করা ছয়টি সংগঠনে দান করব।"
তিনি নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্র্যাফটকেও একই পরিমাণ অর্থ দানের আহ্বান জানান।
ম্যাকলমোর মন্তব্য করেন, "আমাদের মতপার্থক্য যাই হোক না কেন, অন্তত এ বিষয়ে আমরা একমত হতে পারি যে ফিলিস্তিনিদের জীবন রক্ষা করা মূল্যবান।"
ক্র্যাফট নিশ্চিত করেছেন যে, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দিতে তিনি শিরানের ওপর চাপ দিয়েছিলেন। তার অভিযোগ ছিল, ম্যাকলমোরের ‘ইহুদিবিদ্বেষী বক্তব্য ও প্রতীকের দীর্ঘ ইতিহাস’ রয়েছে। এ কারণে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিকানাধীন গিলেট স্টেডিয়ামে তাকে অনুষ্ঠান করার সুযোগ না দেওয়ার কথাও জানান তিনি।
তবে ম্যাকলমোর বলেন, তিনি এই অর্থ দান নিজের বা চলমান বিতর্ককে কেন্দ্র করে করছেন না। তিনি উল্লেখ করেন, "আমি তাদের কথা সামনে আনতে চাই, যারা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই সন্তানদের কোলে নিয়ে হাসপাতালে ছুটছেন।" তিনি চিকিৎসক, প্যারামেডিক, সাংবাদিক ও ত্রাণকর্মীদের কথাও উল্লেখ করেন, যারা বারবার ঝুঁকি নিয়ে সেখানে ফিরে যাচ্ছেন।
এক দিন আগে ইসরাইলি হামলায় আহত এক ব্যক্তিকে সহায়তা করতে গিয়ে নিহত ফিলিস্তিনি কিশোর মুহাম্মদ আল-জিনাতির কথাও উল্লেখ করেন ম্যাকলমোর। তিনি বলেন, "সে একজন শিশু ছিল। দুজনকেই হত্যা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "শুধু ত্রাণ দিয়ে এমন পরিস্থিতির সমাধান সম্ভব নয়। এটি মানুষের তৈরি অবিচার এবং এর জন্য দ্রুত রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। ফিলিস্তিনিদের আর এক দিনও স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হওয়া উচিত নয়।"
চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরানের সঙ্গে কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ম্যাকলমোর। পাশাপাশি তিনি তার প্রতিবাদী গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন। এরপর শিরানের যুক্তরাষ্ট্র সফর থেকে তাকে বাদ দেওয়া হয়।
ম্যাকলমোর দাবি করেন, ১৩ বছরের বন্ধু শিরান তাকে জানিয়েছিলেন, তাকে সফর থেকে বাদ না দিলে অন্য স্টেডিয়াম মালিকদের বয়কট সংগঠিত করার উদ্যোগ নিয়েছিলেন ক্র্যাফট। তবে শিরান বলেন, তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সফরের আয়োজক ও ভেন্যুগুলো নিয়েছে, তিনি নন।
শিরান ইনস্টাগ্রামে বলেন, "আমি এর সঙ্গে জড়িত নই। এই ভয়াবহ সংঘাত নিয়ে আমার ব্যক্তিগত মতামত রয়েছে। আমি প্রকাশ্যে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি বলেই যে আমার মতামত নেই, তা নয়।"
তিনি আরও বলেন, "নিজের মঞ্চকে তিনি রাজনৈতিক ফোরাম নয়, বরং নিরাপদ ও আশ্রয়ের জায়গা হিসেবে রাখতে চান।"
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন