প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে একটি সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝালকাঠি পৌরসভা ঝালকাঠি সদর হাসপাতালের সামনের সড়ক থেকে এই কর্মসূচির সূচনা করে।
কর্মসূচির নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের পরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মাসুম ইফতেখারসহ পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় হাসপাতালের সামনের সড়ক এবং আশপাশের এলাকা থেকে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করা, ড্রেন ও নালা পরিষ্কার করা এবং জনসাধারণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বাসসকে জানিয়েছেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেয়া যাবে না।" তিনি আরও বলেন, "সমন্বিতভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।"
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন