প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় পাবনার ঈশ্বরদী অঞ্চলে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানির (ইউরেনিয়াম) একটি নতুন চালান এসে পৌঁছেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ গাড়িবহর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল প্রকল্প এলাকায় প্রবেশ করে।
প্রকল্পের সূত্র জানায়, সোমবার গভীর রাতে (রাত প্রায় আড়াইটায়) রাজধানী ঢাকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় ইউরেনিয়ামবাহী এ বহরটি। সড়কপথে ঢাকা থেকে রূপপুর পর্যন্ত ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
নিরাপত্তা এবং পরিবহন বিঘ্নহীন রাখার জন্য ভোর থেকে ঢাকা-পাবনা মহাসড়কের সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। গাড়িবহরটি প্রকল্প এলাকায় নিরাপদে প্রবেশ করার পর মহাসড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রথম পারমাণবিক জ্বালানি দেশে আনা হয় এবং চলতি বছরের মে মাসে তা পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর গত ১১ অক্টোবর প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়, যা প্রকল্পটির কমিশনিং কার্যক্রমে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকৌশলী ও কর্মকর্তাদের আশা, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
অন্যদিকে, কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি চালানে পারমাণবিক জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য আরও দুটি চালান আনা হবে। সব মিলিয়ে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সবই রাশিয়া থেকে বিশেষ বিমানে দেশে পৌঁছানোর কথা। ধারাবাহিক এই জ্বালানি সরবরাহের মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কার্যক্রম পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন