প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুরকে পরাজিত করে খুলনা অর্জন করেছে রেকর্ড অষ্টম শিরোপা। ছয় বছর পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরাজিত করে খুলনা আবারো শিরোপা নিজেদের দখলে নিয়েছে। শেষ দিনে রংপুরের ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার এনামুল হক এবং আজিজুল হাকিমের অসাধারণ ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় খুলনা।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার এনামুল ও আজিজুল। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১২৩ রান। এনামুলের ৮১ রানের ইনিংসে ছিল ১১টি চার এবং ৩টি ছক্কা, যা মাত্র ৩৮ বলে পূর্ণ করে ফিফটি।
আবু হাশিমের বলে এনামুল ফিরে গেলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর কালাম সিদ্দিকী আলীকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন আজিজুল। ৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কালাম। অন্যদিকে ৯টি চার ও ২টি ছক্কায় ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন আজিজুল।
এনামুল ৬৮ বলে ৮১ রান করেন। অপরদিকে, আজিজুল ১২৩ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন।
শেষ রাউন্ড শুরুর আগে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল মোহাম্মদ মিঠুনের খুলনা। শিরোপা নিশ্চিত করতে এই ম্যাচে তাদের শুধু হার এড়ানো প্রয়োজন ছিল।
এর আগে সোমবার বরিশালকে ইনিংস ব্যবধানে পরাজিত করে সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল সিলেট। শেষ রাউন্ড থেকে পূর্ণ ১০ পয়েন্ট পাওয়ায় তাদের সংগ্রহ দাঁড়ায় ৩২। তবে রংপুরকে পরাজিত করে খুলনা আবারও শীর্ষস্থান ফিরে পায়। এতে তাদের শিরোপা জয় নিশ্চিত হয়।
ম্যাচের প্রথম ইনিংসে কিছুটা চাপে পড়েছিল খুলনা। রংপুরের ৩৩৮ রানের জবাবে ৩২২ রানে অলআউট হয়ে তারা ১৬ রানে পিছিয়ে পড়ে।
কিন্তু দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় খুলনা। সফর আলীর ৫ উইকেট এবং মেহেদী হাসান রানার ৪ উইকেটের সামনে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় রংপুর। ফলে জয়ের জন্য খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন