প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য, অসত্য তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার রোধ এবং সঠিক তথ্য প্রচারে তরুণদের ভূমিকা রাখার সুযোগ তৈরিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে বিশ্বব্যাপী একটি অত্যন্ত শক্তিশালী যোগাযোগমাধ্যম। সরকার এ বিষয়ে কাজ করছে যাতে কোনো অপপ্রচার বা অসত্য তথ্য ছড়িয়ে না পড়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা না হয়। একই সঙ্গে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, ফ্যাক্টচেকিং, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে সরকার কার্যক্রম পরিচালনা করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রণালয় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে যাতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। পাশাপাশি গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হচ্ছে।
দেশের সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতায় একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বিদেশি সম্প্রচারমাধ্যমের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং কর্মরত সাংবাদিকেরা তিন থেকে ছয় মাস মেয়াদি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন।
প্রতিমন্ত্রী বলেন, এক-দুই দিনের প্রশিক্ষণের পরিবর্তে আন্তর্জাতিক মানের দীর্ঘমেয়াদি ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।
নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, রাজনীতিতে আসার আগে তিনি যুক্তরাজ্যের বিবিসিতে আইটি ও ব্রডকাস্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। সেখানে কাজ করার অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের কর্মপদ্ধতি ও পেশাগত মান সম্পর্কে ধারণা দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের তরুণেরা যেন দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারেন। শুধু গণমাধ্যম নয়, তরুণেরা যে পেশায়ই যুক্ত হোন না কেন, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে ভালো অবস্থানে পৌঁছে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।
মতবিনিময়কালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক গণমাধ্যম ও সাংবাদিকতা খাতে প্রয়োগভিত্তিক গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন। তিনি বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা এবং বাস্তবভিত্তিক সমাধান খুঁজতে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদফতরের (পিআইডি) বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা গণমাধ্যমের কার্যক্রম, সংবাদ পরিবেশন, তথ্য সংগ্রহ ও সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের পক্ষে দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সিজাতুল মুনতাহা বলেন, মন্ত্রণালয় ও তথ্য অধিদফতর পরিদর্শনের মাধ্যমে তারা গণমাধ্যমের এমন কিছু বাস্তব বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যা শ্রেণিকক্ষে পড়াশোনার মাধ্যমে জানা সম্ভব হয় না। এ ধরনের অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সহায়ক হবে।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ের সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন