প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ার সংক্রান্ত মন্তব্যকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় কার্যকর কৌশল উপস্থাপনের পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেওয়া পুলিশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ ঘটায়।
সোমবার তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে মন্তব্য করেন।
বিবৃতিতে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, ‘ক্রসফায়ার ছাড়া আইনশৃঙ্খলা রক্ষার কি কোনো কার্যকর কৌশল পুলিশের জানা নেই? অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও যথাযথ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করাই একটি পেশাদার পুলিশ বাহিনীর মূল দায়িত্ব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা ও প্রশাসনিক কৌশল যদি পুলিশ প্রধানের না থাকে, তবে তার এই পদে বহাল থাকার কোনো যৌক্তিকতা নেই। এ দায়িত্ব এমন দক্ষ ব্যক্তির হাতে দেওয়া উচিত, যিনি আইনসম্মত ও কার্যকর উপায়ে পরিস্থিতির ইতিবাচক উন্নয়ন ঘটাতে পারবেন।’
তিনি আরও বলেন, অতীতে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি দেশে গুম, হেফাজতে নির্যাতন ও রাষ্ট্রীয় ক্ষমতার যথেচ্ছ অপব্যবহারের পথ উন্মুক্ত করেছিল। বিগত ফ্যাসিস্ট আমলের সেই দুঃসহ অভিজ্ঞতার পরেও পুলিশের শীর্ষ পর্যায় থেকে পুনরায় একই ধরনের বক্তব্য আসা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ কোনো ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র দেখতে চায় না; বরং আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল একটি জনবান্ধব পুলিশ বাহিনী প্রত্যাশা করে।
খেলাফত মজলিসের এই নেতা স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘সরকার অনুমোদন দিলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কখনো বৈধতা পায় না। অপরাধ দমনে পুলিশকে অবশ্যই কঠোর হতে হবে, তবে সেই কঠোরতা নিশ্চিত করতে হবে আইনের সুনির্দিষ্ট কাঠামোর ভেতরে থেকেই। আমরা অবিলম্বে আইজিপির দেওয়া বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি।’
ক্রসফায়ারের ভয়ভীতি বা হুমকি প্রদর্শনের সংস্কৃতি পরিহার করে আইনের নিরপেক্ষ প্রয়োগ ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন