প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি মন্তব্য করেছেন যে, পাহাড়ে ৫০ বছরের মধ্যে সৃষ্ট সমস্যাগুলোর জট একদিনে সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, "এখানে আমরা যারা জাতীয় ও আঞ্চলিক রাজনীতি করি, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রথাগত প্রতিনিধি সবাই একসাথে কাজ করলে সমস্যা সমাধান হবে।"
তিনি বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিষদের মাসিক সমন্বয় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।
পার্বত্য মন্ত্রী আরও উল্লেখ করেন, পাহাড়ের পতিত জমিতে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে এলাকার অর্থনৈতিক চেহারা পাল্টে দেওয়া সম্ভব।
এ সময় তিনি পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্সসহ মোট ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অত্যন্ত আন্তরিক।" বর্তমান সরকার এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন করা গেলে পাহাড়ে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
এ সময় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহামদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন