প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জমির নামজারি করতে গিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়? অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে সমস্যা হচ্ছে? খতিয়ান বা জমির নকশা তুলতে গিয়ে যদি বুঝতে না পারেন কী করতে হবে? অথবা ভূমি অফিসে গিয়ে হয়রানি বা অনিয়মের শিকার হয়েছেন? এসব বিষয় নিয়ে সহায়তা ও অভিযোগ জানাতে ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা হটলাইন ১৬১২২ (16122) নাম্বারে ফোন করতে পারেন।
ভূমি মন্ত্রণালয়ের এই হটলাইনে জমির নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, মৌজা ম্যাপসহ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও পরামর্শ পাওয়া যায়। শুধু তথ্য জানানোই নয়, ভূমিসেবা পেতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন বা সেবা নিয়ে অভিযোগ থাকে, সেক্ষেত্রেও এই নাম্বারে যোগাযোগ করা যাবে।
ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং হটলাইন পোর্টাল ছাড়াও সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় অনলাইনে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। এর ফলে ভূমি অফিসে বারবার না গিয়েও প্রাথমিকভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব।
১৬১২২ নাম্বারে যেসব বিষয়ে সহায়তা পাবেন
ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের তথ্য, পরামর্শ ও অভিযোগ গ্রহণের জন্য ১৬১২২ নাম্বার চালু রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় ভূমিসেবার আওতায় বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নামজারি ও জমাখারিজ: জমি কেনার পর নিজের নামে নামজারি বা খারিজ করতে কী করতে হবে, আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, ফি ও আবেদনসংক্রান্ত জটিলতা সম্পর্কে জানতে পারবেন। নামজারির আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে সহায়তা চাইতে পারবেন।
ভূমি উন্নয়ন কর: অনলাইনে খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ, হোল্ডিং খোলা ও অনুমোদন, করের পরিমাণ নির্ধারণ, ভুল করের দাবি সংশোধন এবং দাখিলা-সংক্রান্ত সমস্যায় পরামর্শ পাওয়া যাবে।
খতিয়ান ও জমির রেকর্ড: সিএস, এসএ, আরএস, বিএসসহ বিভিন্ন জরিপের খতিয়ান বা পর্চা সংগ্রহ, সার্টিফায়েড কপি পাওয়া এবং ভূমি রেকর্ডের তথ্য নিয়ে সহায়তা চাইতে পারবেন।
মৌজা ম্যাপ বা জমির নকশা: জমির মৌজা নকশা সংগ্রহ, নকশা বুঝতে সমস্যা হলে জমির অবস্থান ও জরিপ-সংক্রান্ত বিষয়ে তথ্য জানার সুযোগ রয়েছে।
ভূমি জরিপ ও রেকর্ড সংশোধন: মাঠজরিপ, জরিপের তথ্য যাচাই, আদালতের আদেশ অনুযায়ী রেকর্ড সংশোধন এবং ভূমির শ্রেণি পরিবর্তনসংক্রান্ত বিষয়ে সহায়তা পাওয়া যাবে।
ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ: সরকারি প্রয়োজনে জমি অধিগ্রহণ বা হুকুমদখল করা হলে ক্ষতিপূরণ নির্ধারণ ও পরিশোধসংক্রান্ত বিষয়ে তথ্য জানতে পারবেন।
খাসজমি ও জলমহাল: খাস কৃষি ও অকৃষি জমির বন্দোবস্ত, জলমহালসহ বিভিন্ন সায়রাত মহাল ইজারা এবং এ-সংক্রান্ত আবেদন নিয়ে জানতে পারবেন।
ভূমি রাজস্ব মামলা: রাজস্ব মামলার আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহসহ ভূমি রাজস্ব-সংক্রান্ত সেবা সম্পর্কে তথ্য ও পরামর্শ চাইতে পারবেন।
এছাড়া অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ইজারা, বন্দোবস্ত ও ভূমি প্রশাসনের অন্যান্য সেবা সম্পর্কেও সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।
ভূমি অফিসের বিরুদ্ধে যেসব অভিযোগ জানাতে পারবেন
ভূমি অফিসে সেবা নিতে গিয়ে নাগরিকরা নানা ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হন। কারও নামজারি আবেদন দীর্ঘদিন আটকে থাকে, কারও কাছে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা চাওয়া হয়। আবার কেউ কেউ প্রয়োজনীয় সেবা পেতে অযথা ঘুরতে থাকেন।
এসব বিষয়ে অভিযোগ জানানো যাবে ১৬১২২ নাম্বারে। ভূমি মন্ত্রণালয়ের ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় যেসব অভিযোগের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে-
অভিযোগ পাওয়ার পর তা নথিভুক্ত ও যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরে পাঠানোর ব্যবস্থা রয়েছে। অভিযোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রয়োজনে তদন্ত, শুনানি বা কাগজপত্র চাওয়া হতে পারে।
তবে কোনো রাজস্ব আদালত বা দেওয়ানি আদালতে বিচারাধীন বিষয় কিংবা আদালতের কোনো আদেশের বিষয়ে এই অভিযোগ ব্যবস্থার মাধ্যমে বিচারিক সিদ্ধান্ত পাওয়া যাবে না।
কখন ফোন করবেন, টোল ফ্রি কিনা?
ভূমি সেবা হটলাইন ১৬১২২ সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু রয়েছে। অর্থাৎ সরকারি ছুটির দিন কিংবা রাতেও ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানাতে ফোন করা যাবে।
প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে আলাদা নম্বর। বিদেশ থেকে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে ফোন করে ভূমিসেবা-সংক্রান্ত সহায়তা ও অভিযোগ জানানো যাবে।
তবে ১৬১২২ নাম্বারটি টোল ফ্রি নয়। এ নম্বরে ফোন করলে মোবাইল অপারেটরের প্রচলিত কলচার্জ প্রযোজ্য হবে।
হটলাইন ছাড়া যেভাবে অভিযোগ জানাবেন
ফোনে অভিযোগ জানানো ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অভিযোগ দাখিল করা যায়। এ জন্য ভিজিট করতে হবে hotline.land.gov.bd ওয়েবসাইটে।
ওয়েবসাইটে প্রবেশ করলে ‘অভিযোগ প্রতিকার’ ও ‘কারিগরি সহায়তা’ এ দুটি সেবার ধরন দেখা যায়। প্রয়োজন অনুযায়ী অভিযোগ বা কারিগরি সহায়তার অপশন বেছে নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা চাইতে পারবেন। এজন্য আপনাকে লগইন করতে হবে। আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকলে সচল মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
ওয়েবসাইটে সেবা গ্রহণের সময় কোনো কারিগরি সমস্যা (যেমন: পেমেন্ট করতে না পারা, টাকা কেটে গেলেও দাখিলা/ডিসিআর না পাওয়া, মৌজা সিস্টেমে না থাকা, এনআইডি ভেরিফিকেশন না হওয়া, এসএমএস/ওটিপি না পাওয়া ইত্যাদি) দেখা দিলে কারিগরি সহায়তা মেনু থেকে সংশ্লিষ্ট সেবার নাম ও প্রয়োজনীয় তথ্য (যেমন: আবেদন নম্বর, ট্রান্সঅ্যাকশন নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি) উল্লেখ করে কারিগরি সহায়তার আবেদন করুন। এসব আবেদন সংশ্লিষ্ট কারিগরি টিম নিষ্পত্তি করে।
অন্যদিকে, মাঠ পর্যায়ের ভূমি অফিস থেকে সেবা পেতে বিলম্ব, হয়রানি, অসদাচরণ বা দুর্নীতির শিকার হলে প্রয়োজনীয় তথ্যসহ অভিযোগ দাখিল করুন। এসব অভিযোগ উপজেলা পর্যায়ে (এসি (ল্যান্ড) ও ইউএনও), জেলা পর্যায়ে (অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসক) এবং বিভাগীয় পর্যায়ে (অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও বিভাগীয় কমিশনার) নিষ্পত্তি করা হয়। পাশাপাশি ভূমি মন্ত্রণালয় এসব অভিযোগের সার্বিক মনিটরিং করে।
অনলাইনে অভিযোগের ক্ষেত্রে সমস্যার বিবরণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র, দলিল বা অন্যান্য প্রমাণের স্ক্যান কপি কিংবা ছবি সংযুক্ত করার সুযোগ রয়েছে। অভিযোগ জমা দেওয়ার পর তা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়। অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তির তথ্যও অনলাইনে জানার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল এবং কল সেন্টারের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও পরামর্শের জন্য [email protected] ও [email protected] ঠিকানায় ই-মেইল করা যায়। মন্ত্রণালয়ের ফেসবুক পেজ ভূমিসেবা https://www.facebook.com/land.gov.bd -এ বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব।
সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় অভিযোগ
ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থার পাশাপাশি সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএসেও অভিযোগ জানানো যায়। এ জন্য প্রবেশ করতে হবে www.grs.gov.bd ওয়েবসাইটে।
এখানে নাগরিক অভিযোগ দাখিলের সুযোগ রয়েছে। অভিযোগ জমা দেওয়ার পর মোবাইল ফোনে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে অগ্রগতি জানানো হয়। ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে অভিযোগের সর্বশেষ অবস্থা দেখা যায়। অভিযোগ নিষ্পত্তির পর সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার বিষয়েও মতামত দেওয়া যায়।
জিআরএসে পরিচয় গোপন রেখেও অভিযোগ করার সুযোগ রয়েছে। তবে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ করলে পরবর্তী অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়া যায় না এবং অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি নাও হতে পারে।
অভিযোগের নিষ্পত্তি হতে কত দিন লাগে?
ভূমি মন্ত্রণালয়ের ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা অনুযায়ী, সাধারণভাবে অভিযোগ নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা ৩০ কার্যদিবস। তদন্তের প্রয়োজন হলে অতিরিক্ত ১০ কার্যদিবস সময় নেওয়া যাবে। অর্থাৎ তদন্তসহ সর্বোচ্চ ৪০ কার্যদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে।
কোনো অভিযোগের নিষ্পত্তিতে অসন্তুষ্ট হলে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগও রয়েছে। মূল অভিযোগের ফলাফল জানানোর তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে আপিল করতে হবে। আপিল নিষ্পত্তির সময়সীমা সর্বোচ্চ ৩০ কার্যদিবস।
অভিযোগ করার আগে যেসব তথ্য প্রস্তুত রাখবেন
ভূমিসেবা-সংক্রান্ত কোনো সমস্যায় অভিযোগ জানানোর আগে সংশ্লিষ্ট কাগজপত্র ও তথ্য হাতের কাছে রাখা ভালো। যেমন-
অভিযোগের বিবরণ যত স্পষ্ট হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে বিষয়টি যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া তত সহজ হবে।
ভূমি নিয়ে জটিলতা বা হয়রানির শিকার হলে চুপ না থেকে নির্ধারিত সরকারি চ্যানেলে অভিযোগ জানানো জরুরি। তবে মনে রাখতে হবে, হটলাইন বা অভিযোগ প্রতিকার ব্যবস্থা জমির মালিকানা নিয়ে আদালতের বিকল্প নয়। এটি মূলত সরকারি ভূমিসেবা পাওয়া, সেবার মান নিশ্চিত করা এবং অনিয়মের প্রতিকার চাওয়ার একটি মাধ্যম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন