প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন যে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানের মতো বাংলাদেশও ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার। তিনি বলেন, ভারত সরকারের উদ্দেশ্য বাংলাদেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলকে মরুভূমিতে পরিণত করা।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। এ সভার আয়োজন করা হয় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক ফেডারেল মন্ত্রী আতা উল্লাহ তারারের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত থেকে বাংলাদেশে ৫০টির বেশি বড় ও ছোট নদী প্রবেশ করেছে। কিন্তু ভারত ক্রমাগত ব্যারাজ নির্মাণ করে এসব নদীর পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে। তার অভিযোগ, কিছু নদীর উৎপত্তি চীনে হলেও ভারত বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারত বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
মতবিনিময় সভায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা করেন স্পিকার। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ ও ‘গুণ্ডাদের’ সংগঠন হিসেবে আখ্যা দেন। তার মতে, দলটির কার্যক্রম নিষিদ্ধ না হলেও জনদাবির পরিপ্রেক্ষিতে সীমিত করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ স্বৈরশাসন মেনে নেয় না। তার দাবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বাধীনতার পর দেশটি সামরিক ও বেসামরিক—উভয় ধরনের কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।
শেখ হাসিনার শাসনামলকে বেসামরিক স্বৈরশাসনের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার অধীনে ১৫ বছর দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল।
বাংলাদেশের প্রতিনিধিদলের অন্য সদস্যরাও শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলেন। তাদের বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করেছিলেন। তবে অতীত ভুলে দুই দেশের মধ্যে নতুন, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চান তারা।
পাকিস্তানের পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাদা করে কথা বলার সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করেছে। তার দাবি, বাঙালিরা এখন বিষয়টি উপলব্ধি করতে পেরেছে।
স্পিকার আরও মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে পাঠিয়ে আইনের মুখোমুখি করা হবে। এছাড়া কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী হওয়া উচিত বলেও মত দেন তিনি।
পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি এই সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও আশাবাদ প্রকাশ করেন।
পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে নিজের প্রশিক্ষণজীবনের স্মৃতিও তুলে ধরেন স্পিকার। ষাটের দশকের শেষ দিকে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে সেখানে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। একাডেমিতে ফিরে যাওয়ার অভিজ্ঞতাকে স্মৃতিময় উল্লেখ করে বলেন, দুই দেশের মানুষই পরস্পরের সঙ্গে দেখা করতে, যোগাযোগ বাড়াতে এবং একে অপরের দেশে যেতে আগ্রহী।
আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক অবস্থানের ভিত্তিতে একে অপরকে সমর্থন করবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার সম্ভাবনা, আঞ্চলিক জোটে চীনকে অন্তর্ভুক্ত করা এবং ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধের বিষয়গুলো উঠে আসে। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা।
সার্ক পুনরুজ্জীবনের পক্ষে মত দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। চলমান পরামর্শ প্রক্রিয়া থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি বলেন, বাংলাদেশের সংসদ সদস্যরা পাকিস্তানে এসে যেন নিজেদের বাড়িতেই এসেছেন।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতা উল্লাহ তারার প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়েও জানান। এ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনমকে ইসলামাবাদে নেওয়া হয় বলে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।
সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল, ডায়ালগ পাকিস্তান, প্রোবস পাকিস্তান, পাকিস্তানের প্রেসিডেন্টের তথ্য দপ্তর, রেডিও পাকিস্তান, পাকিস্তানের জাতীয় পরিষদ ও ডন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন