প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি ডিএসইর পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন তাঁর দীর্ঘ সামরিক কর্মজীবনে অর্জিত নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতে।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন। এ তথ্য ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভের মাধ্যমে সামরিক কর্মজীবন শুরু করেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সামরিক পরিচালনা, কৌশলগত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সেনাসদর দপ্তরে গুরুত্বপূর্ণ পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী হুমায়ুন কবির ১৯৯২ সালের এসএসসি ও ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান অর্জন করেন।
উচ্চশিক্ষার অংশ হিসেবে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। এছাড়া, যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর যোগ্যতা অর্জন করেন।
তাঁর সামরিক শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশে আর্মি স্টাফ কোর্স, যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স। তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে উচ্চতর পেশাগত প্রশিক্ষণও গ্রহণ করেছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে তিনি দুটি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিভিন্ন সামরিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন