প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় দীর্ঘ ৯ বছরেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিজস্ব দক্ষ জনবল গড়ে তুলতে সক্ষম হয়নি। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) চলছে প্রেষণে।
সামরিক বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বাহিনী থেকে সাময়িকভাবে সংযুক্ত জনবল ৯ বছর ধরে শাহজালালের এভসেক বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এর ফলে বেবিচকের নিজস্ব কর্মকর্তাদের পদোন্নতি, অভিজ্ঞতা অর্জন এবং নেতৃত্ব বিকাশের সুযোগ সীমিত হয়ে পড়ছে। এভসেকের দক্ষ জনবল তৈরির প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।
সাময়িক সংযুক্ত কর্মকর্তাদের ঘনঘন বদলি, পৃথক প্রশাসনিক ব্যবস্থা এবং একাধিক সংস্থার সমান্তরাল কার্যক্রমের কারণে কমান্ড কাঠামোর সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন অর্গানোগ্রাম কার্যকর হয়নি, এবং প্রশিক্ষিত জনবলের ৩৫ শতাংশই সাময়িক সংযুক্ত।
আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করতে ২০১৬ সালের দিকে বিমান বাহিনী, পুলিশ, আনসার এবং বেবিচকের নিজস্ব নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিমানবন্দরগুলোতে বিশেষায়িত এভসেক ইউনিট কার্যক্রম শুরু করে। পরবর্তীকালে, বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ প্রণয়নের মাধ্যমে এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন ও তদারকির পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা বেবিচককে দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরের নিরাপত্তায় বিমানবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা অপরিহার্য। তবে এ সহযোগিতার পাশাপাশি বেবিচকের নিজস্ব এভসেক বিভাগকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা জরুরি। দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ, স্থায়ী ও পেশাদার বেসামরিক জনবল কাঠামো প্রয়োজন।
সূত্র জানায়, বিমানবন্দরের নিরাপত্তায় জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে বিভিন্ন বাহিনীর সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বেবিচকের নিজস্ব দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা অপরিহার্য।
এমন পরিস্থিতিতে, বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গত ১৩ অক্টোবর উচ্চপর্যায়ের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটি সব বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য একক নিরাপত্তা ইউনিট গঠনের লক্ষ্যে বিদ্যমান আইন, বিধিমালা, প্রজ্ঞাপন, সার্কুলার ও আইকাও কনভেশনের নির্দেশনাগুলো পর্যালোচনা করে সমন্বিত আইনগত কাঠামো প্রস্তুত করতে গঠন করা হয়। কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় গত ৫ নভেম্বর।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম আমার দেশকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় সামরিক বাহিনীর সহযোগিতা গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা ও দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই। এভসেকের দায়িত্ব পালনে বেবিচকের নিজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। সাময়িকভাবে সংযুক্ত জনবলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থাকলে প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। ঘনঘন দায়িত্ব পরিবর্তনে কাজের সমন্বয় ও জবাবদিহি দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। তাই এভসেককে দক্ষ, স্থায়ী ও পেশাদার কাঠামোর অধীনে গড়ে তোলা প্রয়োজন।
নতুন অর্গানোগ্রামেও কাটেনি নির্ভরতা
এভসেক বিভাগের জনবল ব্যবস্থাপনা নিয়ে তৈরি একাধিক পর্যালোচনা প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালে বেবিচকের নতুন অর্গানোগ্রাম অনুমোদনের পরও বিভাগটির পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হয়নি। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় প্রেষণ ও সাময়িক সংযুক্তির ওপর নির্ভরতা অব্যাহত রয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে এভসেক বিভাগে কাজ করা বেবিচকের নিজস্ব প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যম ও উচ্চপর্যায়ের দায়িত্বে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। ফলে তাদের অভিজ্ঞতা অর্জন, পদোন্নতি এবং নেতৃত্ব বিকাশের স্বাভাবিক ধারাও বাধাগ্রস্ত হচ্ছে।
প্রাপ্ত তথ্যমতে, ২০২১ সালের নতুন অর্গানোগ্রামের আওতায় নিয়োগ পাওয়া বেবিচকের নিজস্ব কর্মকর্তাদের প্রায় ৪০ শতাংশ ইতোমধ্যে চাকরি ছেড়ে চলে গেছেন। পদোন্নতির সীমাবদ্ধতা ও পেশাগত হতাশাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিজস্ব জনবল তৈরির জন্য নতুন অর্গানোগ্রাম অনুমোদন করা হলেও পাঁচ বছরেও সেই কাঠামো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়নি।
প্রশাসনিক সমন্বয় নিয়েও প্রশ্ন
খোঁজ নিয়ে জানা যায়, এভসেকের আরেকটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে প্রশাসনিক সমন্বয় ও চেইন অব কমান্ড। অভিযোগ রয়েছে, ‘ইন এইড টু সিভিল পাওয়ার্’—এর আওতায় সহায়তার জন্য আসা সদস্যদের কার্যক্রম অনেক ক্ষেত্রে বেবিচকের নিজস্ব প্রশাসনিক কাঠামোর সঙ্গে পুরোপুরি সমন্বিত নয়। পৃথক রোস্টার ও দায়িত্ব বণ্টনের কারণে একই নিরাপত্তাব্যবস্থায় একাধিক কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়া বেবিচকের সদর দপ্তর ও প্রশিক্ষণ একাডেমিতেও সামরিক কর্মকর্তাদের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত রাখার বিষয়টি উঠে এসেছে। এতে একটি বেসামরিক প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কতটা বিকশিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যদের দায়িত্ব থাকতে পারে। কিন্তু কে কোন দায়িত্ব পালন করবেন, কার কাছে জবাবদিহি করবেন এবং জরুরি পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত কে দেবেন—এসব বিষয়ে একক ও সুস্পষ্ট কমান্ড কাঠামো থাকা জরুরি। অন্যথায় দায়িত্বের পুনরাবৃত্তি এবং জবাবদিহির ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে কমিটির সভায়ও নিরাপত্তা কার্যক্রমে একক কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়।
প্রশিক্ষণে ব্যয়, দক্ষতা থাকছে না প্রতিষ্ঠানে
এভসেকের জনবল ব্যবস্থাপনায় আরেকটি বড় অসংগতি প্রশিক্ষণ খাতে। বিশেষায়িত এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ দেশি-বিদেশি পর্যায়ে বেশ ব্যয়বহুল। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত মেয়াদ শেষে নিজ নিজ বাহিনী বা মূল প্রতিষ্ঠানে ফিরে গেলে বেবিচকের বিনিয়োগের দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাচ্ছে না।
তথ্য অনুযায়ী, ২০১৬-২০২৫ সাল পর্যন্ত এভসেকের প্রশিক্ষিত জনবলের প্রায় ৩৫ শতাংশ ছিলেন বিভিন্ন বাহিনী থেকে সাময়িক সংযুক্ত সদস্য। তাদের অনেকে বর্তমানে বেবিচকে কর্মরত নেই। অর্থাৎ প্রশিক্ষণ বাবদ সরকারের অর্থ ব্যয় হলেও প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা ধরে রাখার মতো স্থায়ী জনবল কাঠামো তৈরি হচ্ছে না।
অন্যদিকে বেবিচকের নিজস্ব কর্মকর্তারা উচ্চতর বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক অডিটে কী ঝুঁকি
বিমানবন্দরের নিরাপত্তা শুধু স্ক্যানার, তল্লাশি কিংবা নিরাপত্তাকর্মীর উপস্থিতির বিষয় নয়। এর সঙ্গে জড়িত জাতীয় নিরাপত্তা, প্রশিক্ষণ, তদারকি, ঝুঁকি মূল্যায়ন, দায়িত্ব বণ্টন এবং কার্যকর জবাবদিহি।
বেবিচককে এভিয়েশন নিরাপত্তার উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়ে ২০২২ সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থায় (আইকাও) দেওয়া বাংলাদেশের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছিল, নতুন অর্গানোগ্রামের মাধ্যমে এভসেকের জনবল ৭৬ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে তদারকি, প্রশিক্ষণ, সনদায়ন, ঝুঁকি মূল্যায়ন ও নিরাপত্তা প্রয়োগের সক্ষমতা বাড়ার কথা ছিল। কিন্তু অনুমোদিত কাঠামোর পরও যদি নিজস্ব জনবল ও নেতৃত্ব কার্যকরভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেই সংস্কারের সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন