প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : আপিল বিভাগের চেম্বার আদালতের একটি আদেশের ফলে এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হওয়ার সুযোগ পাবেন না।
‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এর ৩ (১১) ধারার প্রেক্ষিতে একটি রিটের স্থিতাবস্থা হাইকোর্টের দেওয়া আদেশ আজ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছে। এই আদেশের ফলে একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি এবং পারিবারিক একচেটিয়া প্রভাব (মনোপলি) রোধ করার উদ্দেশ্যে সরকার আগের নীতিমালায় সংশোধন এনেছে। গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়।
নীতিমালার ৩ (১১) ধারা উল্লেখ করে বলা হয়েছে, ‘সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অপর কেউ ডিলারশিপের বা খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্যে আবেদন করতে বা খুচরা বিক্রেতা হতে পারবেন না। এক্ষেত্রে পরিবারের সদস্য বলতে পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্র ও তাদের স্ত্রী, অবিবাহিত কন্যা ও নির্ভরশীল ভাই ও বোন যারা এক খানায় খাদ্য গ্রহণ করে তাদের বুঝানো হয়েছে।’
নীতিমালা এই ধারাটি চ্যালেঞ্জ করে ঠাকুরগাঁওয়ের রওশন আরা বেগম ও তার স্বামী হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৫ অক্টোবর হাইকোর্ট এই দুজনের ক্ষেত্রে নীতিমালার ৩ (১১) ধারাটিতে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করে। তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। আজ বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইকরামুল হক টুটুল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন