প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় জুয়া ও মাদকের আসর বসানোর জন্য তৈরি করা নতুন একটি ঘর গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে ঘরটি উচ্ছেদ করা হয়।
চসিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের ৯ নম্বর ওয়ার্ডের আকবরশাহ এলাকার পাহাড়ের পাদদেশে প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের জন্য সেখানে একাধিক ঘরও নির্মাণ করা হয়েছিল। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ঘরগুলো উচ্ছেদ করা হলেও পরে আবার নতুন করে ঘর তৈরি করে জুয়ার আসর বসানোর চেষ্টা করা হচ্ছিল।
গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার ঘর ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও করা হয়। এর আগে ২ সেপ্টেম্বর ইপিজেড থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৫ প্যাকেট তাস ও নগদ ৩০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পুলিশের ধারাবাহিক অভিযানের পরও সেখানে ফের জুয়ার আসর বসানোর চেষ্টা করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। এমনকি পুলিশ যাতে সহজে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সে জন্য জুয়ার ঘরে যাওয়ার পথে দুটি স্থানে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরিসহ বিভিন্ন কৌশল নেওয়া হয়েছিল।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বারবার অভিযান চালিয়েও জুয়া ও মাদকের আসর পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। এতে আবাসিক এলাকার পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও চসিককে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আবারও অভিযান চালানো হয়। ইপিজেড থানা-পুলিশের সহায়তায় জুয়া ও মাদকের আসরের জন্য তৈরি ঘরটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন