প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমান, এমপি। বৈঠকে বিটিভির সংবাদ পরিবেশনে সরকারি-বিরোধী দলকে বিবেচনায় না নিয়ে সংবাদগুলোর গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধন সাপেক্ষে নিশ্চিত করা হয়। এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও প্রামাণ্য দলিল সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয় যে, বিটিভির মূল উদ্দেশ্য হলো কোনো বাণিজ্যিক চ্যানেলে রূপান্তরিত হওয়া নয়; বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম হিসেবে কাজ করা।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের গাণিতিক অনুপাত না দেখে সংবাদগুলোর বস্তুনিষ্ঠতা ও গুরুত্বকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয়। কোনো নির্দিষ্ট দিনে বিরোধী দলের গুরুত্বপূর্ণ সংবাদ থাকলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রচারের নির্দেশ দেওয়া হয়। বিটিভির মাধ্যমে ‘আর স্বৈরাচার নয়, আসুন সবাই মিলেমিশে কাজ করি’ এমন ইতিবাচক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে বলেও উল্লেখ করা হয়।
গত ১৭ বছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময়ে অন্যায়ভাবে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির সুবিধাদি পুনর্বহাল এবং তালিকা পেশের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সক্রিয় সহযোগিতার সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, এমপি; প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি; মোঃ আশরাফ উদ্দিন, এমপি; মো. মজিবুর রহমান, এমপি; নিলোফার চৌধুরী মনি, এমপি; ফাহমিদা হক, এমপি; মো. শফিকুল ইসলাম, এমপি এবং মোসাঃ নাজমুন নাহার, এমপি অংশগ্রহণ করেন। এছাড়াও তথ্য ও সম্প্রচার সচিব, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন