প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের লোহাগড়ায় আফসার শেখ (৭০) নামে এক বৃদ্ধ বাবাকে মাদকাসক্ত ছেলের এলোপাতাড়ি বটির কোপে হত্যা করা হয়েছে। ঘটনার পর ছেলে পালিয়ে গেলেও পুলিশ আফসার শেখের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আফসার শেখ ওই গ্রামের মৃত হোসেন শেখের পুত্র। অভিযুক্ত ছেলের নাম খায়রুল শেখ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ত। টাকা না পেলে মাঝেমধ্যে সে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করত এবং চুরি করত। খায়রুলের মাদকাসক্তি ও চুরি করার অভ্যাসের কারণে সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে সামাজিক সালিশের মাধ্যমে বিচ্ছেদ ঘটে। বৃহস্পতিবার সকালে খায়রুল তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে।
দুপুরে আফসার শেখের সঙ্গে খায়রুলের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে খায়রুল ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আফসার শেখের মৃত্যু ঘটে। ঘটনার সময় খায়রুলের মা ও স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পরপরই খায়রুল পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘খায়রুল নেশাগ্রস্ত ছিল। সে বাবাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খায়রুলের মা ও স্ত্রীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্ত খায়রুলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন