প্রিন্ট এর তারিখঃ ২৫শে নভেম্বর, ২০২৬ইং; ০৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ২৫শে নভেম্বর, ২০২৬ইং; ০৪:২৪ পি.এম
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
- বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (২৪শে নভেম্বর) রাতের কোন এক সময় নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে। ঘটনার পর বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। গতকাল রাতে নন্দীগ্রামের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে থানা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"