প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের মহাকাশ স্টেশনে ভেসে বেড়ানোর সময় পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলি আবৃত্তি করেছেন দেশের জাতীয় কবি আল্লামা মুহাম্মদ ইকবালের একটি কবিতা। কবিতার পঙ্ক্তি শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানে উপস্থিত চীনা নভোচারীরা। তবে এই কবিতার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারত ও পাকিস্তানের মহাকাশ অভিযানের পুরোনো স্মৃতি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। এর আগের দিন বুধবার চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে কবিতাটি আবৃত্তি করেন জিশান আলি। এ সময় তাঁর পরনে ছিল পাকিস্তানের পতাকাসংবলিত নীল পোশাক। চারপাশে ভেসে বেড়াচ্ছিলেন তাঁর পাঁচ চীনা সহকর্মী।
আবৃত্তির একপর্যায়ে কিছুটা থেমে আবার কবিতার প্রথম পঙ্ক্তি উচ্চারণ করেন জিশান। পরে সেটির অর্থ চীনা ভাষায় অনুবাদ করে শোনান তিনি। কবিতাটির ভাবার্থ হলো, ‘তারার ওপারেও অসংখ্য জগৎ রয়েছে, আর সামনে অপেক্ষা করছে আরও অসংখ্য পরীক্ষা।’ তাঁর আবৃত্তি শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন সহকর্মীরা। তাঁরা করতালি দেন, আনন্দ প্রকাশ করেন এবং শূন্যে ভেসেই একে অপরকে জড়িয়ে ধরেন।
মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ১৯৮৪ সালে ভারতের নভোচারী রাকেশ শর্মা এবং ১৯৯৭ সালে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী কল্পনা চাওলার মহাকাশ অভিযানের সঙ্গেও জড়িয়ে ছিল ইকবালের কবিতা।
১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টি-১১ মহাকাশযানে চড়ে মহাকাশে যান রাকেশ শর্মা। তিনি প্রায় আট দিন স্যালিউট-৭ মহাকাশ স্টেশনে অবস্থান করেন। সে সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে এক টেলিভিশন কথোপকথনে অংশ নেন তিনি। গান্ধী জানতে চান, মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে।
জবাবে রাকেশ শর্মা বলেন, ‘জি, আমি নিঃসংকোচে বলতে পারি, সারে জাহাঁ সে আচ্ছা।’ অর্থাৎ, ‘পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর।’ কথাটি ছিল ইকবালের বিখ্যাত কবিতা ‘তারানা-ই-হিন্দি’র একটি পঙ্ক্তির উল্লেখ। কবিতাটির বহুল পরিচিত পঙ্ক্তি ‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা’ ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় জনপ্রিয় হয়ে ওঠে। এখনো দেশটির অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গান হিসেবে এটি পরিচিত।
এর ১৩ বছর পর, ১৯৯৭ সালে মহাকাশে যান ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলা। ১৯ নভেম্বর কলাম্বিয়া মহাকাশযানে তাঁর প্রথম মহাকাশযাত্রা শুরু হয়। সে সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল মহাকাশ থেকে তাঁর সঙ্গে কথা বলেন। উর্দু কবিতার প্রতি অনুরাগী গুজরাল ইকবালের সেই কবিতার একটি পঙ্ক্তি আবৃত্তি করে জানতে চান, তারার ওপারে আরও কী কী জগৎ রয়েছে।
জবাবে কল্পনা চাওলা মহাকাশের অন্ধকার আকাশকে গম্বুজের মতো এবং তারাগুলোকে গল্পের বইয়ের মতো বলে বর্ণনা করেন। ২০০৩ সালে কলাম্বিয়া মহাকাশযান পৃথিবীতে ফেরার পথে ভেঙে পড়লে এর ছয় সহকর্মীর সঙ্গে প্রাণ হারান কল্পনা।
কে ছিলেন আল্লামা ইকবাল
মুহাম্মদ ইকবাল ছিলেন কবি, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ। ১৮৭৭ সালের ৯ নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি। লাহোরে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড ও জার্মানিতে যান। আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি দর্শনে পিএইচডি করেন। জ্ঞান ও পাণ্ডিত্যের জন্য তিনি ‘আল্লামা’ উপাধিতে পরিচিত হন।
ইকবাল মূলত ফারসি ও উর্দু ভাষায় কবিতা লিখেছেন। ইরানে তিনি ‘ইকবাল-এ-লাহোরি’ নামেও পরিচিত। ১৯৩০ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে তিনি পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে একত্র করে একটি স্বায়ত্তশাসিত মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। সে সময় তিনি রাষ্ট্রটির নাম পাকিস্তান বলেননি। তবে পরবর্তী সময়ে তাঁর প্রস্তাবকে পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তিগুলোর একটি হিসেবে দেখা হয়।
১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মারা যান ইকবাল। পাকিস্তান প্রতিষ্ঠার প্রায় নয় বছর আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর কবিতা ও চিন্তাধারা আজও দক্ষিণ এশিয়ার মানুষের সাংস্কৃতিক ও রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তথ্যসূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন