প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে দেশের প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড এবং ইন্ডাস্ট্রি লিয়াজোঁ অফিস প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি একইসঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সকল শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপকে বাধ্যতামূলক করার এবং বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও গবেষণাকে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউজিসি প্রধান।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয় হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম সূতিকাগার, চাই সমন্বিত ইকোসিস্টেম’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা শেষ করার পর দীর্ঘদিন চাকরি খোঁজার পর একপর্যায়ে অনেক তরুণ পড়ালেখা এবং চাকরি সন্ধান—দুটিই ছেড়ে দিয়েছেন, দেশে এমন তরুণের হার প্রায় ২৩ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শ্রমবাজারের চাহিদা এবং আধুনিক দক্ষতার সমন্বয় না থাকাই এ সংকটের অন্যতম প্রধান কারণ।
এ সংকট থেকে উত্তরণের জন্য তিনি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড’ গঠনের জোর দাবি জানান। তিনি উল্লেখ করেন, এ বোর্ডে শিল্পখাতের প্রতিনিধি ও প্রথিতযশা উদ্যোক্তারা যুক্ত থাকবেন, যারা পাঠ্যক্রম আধুনিকীকরণ, গবেষণার অগ্রাধিকার নির্ধারণ এবং শিক্ষার্থীদের প্রাক্তন অভিজ্ঞতাকে কাজে লাগাতে দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি ‘ইন্ডাস্ট্রি লিয়াজোঁ অফিস’ বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সেতু হিসেবে কাজ করবে।
ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের বিষয়ে ইউজিসি চেয়ারম্যান জানান, কৃষি ও মেডিকেল শিক্ষা বাদে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টার্নশিপ ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি। এ সমস্যা দূর করতে ‘নেক্সাস’ নামের একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দেশের যেকোনো প্রান্তের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ খুঁজে নিতে পারবেন। এছাড়া প্রথম বর্ষ থেকেই সফট স্কিল এবং ডিজিটাল সাক্ষরতার ওপর মডিউলভিত্তিক প্রশিক্ষণ চালুর তাগিদ দেন তিনি।
গবেষণায় আমদানিনির্ভরতা কমানোর তাগিদ দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, "নিজের গবেষণাগারের গ্লাসওয়্যার, কেমিক্যাল কিংবা সরঞ্জাম সব বিদেশ থেকে আনতে হয়। শিল্পখাতের সঙ্গে সংযোগ গড়ে উঠলে এসব পণ্য দেশেই উৎপাদিত হবে, যা নতুন উদ্যোক্তা তৈরির পথ সুগম করবে।" তিনি ভবিষ্যতে ইউজিসির গবেষণা অনুদান পাওয়ার ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণ এবং বাস্তব সমস্যা সমাধানের উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও নিশ্চিত করেন।
উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাস্তবায়নে আইসিটি বিভাগ, হাইটেক পার্ক এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের কাজের মধ্যে রাষ্ট্রীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ কে এম মাসুদ এবং শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন