প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডা. তাসনিম জারা জাতীয় সংসদের স্পিকারের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, "ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোরই সুযোগ নেই।" তবে তিনি মনে করেন, স্পিকার তার পদমর্যাদা ব্যবহার করে সংসদ সদস্যদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই পর্যবেক্ষণ তুলে ধরেন।
ফেসবুক পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, স্পিকারের বক্তব্যের সঙ্গে তিনি একমত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেয় না এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের জন্য আক্ষেপ করার সুযোগ রয়েছে, কিন্তু স্পিকারের উচিত তার অবস্থান থেকে কার্যকর পরিবর্তন আনা।
তিনি সংসদ সদস্যদের আর্থিক স্বচ্ছতার বিষয়টি তুলে ধরেন এবং জানান, বর্তমান সংসদের প্রায় ৬০ শতাংশ সদস্য ব্যবসায়ী এবং ৮০ শতাংশ কোটিপতি। তিনি বলেন, ব্যবসা করা বা কোটিপতি হওয়া অপরাধ নয়, তবে তাদের আয়ের উৎস সম্পর্কে জনগণের জানা প্রয়োজন। অনেক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দামি গাড়ি, ঘড়ি বা নতুন ফ্ল্যাট ব্যবহার শুরু করেন এবং সেগুলোকে "উপহার" বলে দাবি করেন। তিনি সতর্ক করেন যে, যদি এসব উপহারের উৎস স্পষ্ট না হয়, তাহলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।
তাসনিম জারা যুক্তরাজ্যের আদলে একটি প্রকাশ্য ‘রেজিস্টার’ তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, যুক্তরাজ্যে এমপিদের সম্পদের বিবরণ, উপহার ও বিদেশ সফরের তথ্য নিয়মিতভাবে আপডেট করে অনলাইনে প্রকাশ করা হয়। সেখানে তথ্যের গরমিল হলে কঠোর শাস্তির নজিরও রয়েছে। বাংলাদেশে বর্তমানে পাঁচ বছরে একবার নির্বাচনের আগে হলফনামা দেওয়া হয়, যার সঠিক যাচাই-বাছাইও হয় না। নিয়মিত হালনাগাদ হওয়া রেজিস্টার চালু হলে এমপিদের "উপহার" বলে পার পাওয়ার সুযোগ কমবে এবং মিথ্যা প্রমাণ করা সহজ হবে।
স্পিকারের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটির সভাপতি এবং সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান হলেন স্পিকার। তাই সংসদ সচিবালয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ ও ওয়েবসাইটে প্রকাশের নিয়ম প্রণয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন।
স্পিকারের অতীত রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাব এবং দীর্ঘ অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তাসনিম জারা আশা প্রকাশ করেন, বর্তমান পদে থেকে ইতিবাচক পরিবর্তন আনার এই সুযোগটি স্পিকার কাজে লাগাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন