প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তুলাকান্দি গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলামিনের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে তুলাকান্দি গ্রামের শহিদ মিয়া (৩৮)-কে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অভিযান শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলামিন বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কেউই ছাড় পাবে না। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শিমুলকান্দি ইউনিয়নে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা পরিবার, সমাজ এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন তুলাকান্দিসহ আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন কার্যকর উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে মাদক কারবার নিয়ন্ত্রণে আসবে এবং তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।
আটক শহিদ মিয়া (৩৮)-এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন