প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের উত্তর দুর্গাপুর ক্যাম্পের মোড় থেকে চকব্দল গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে আর কেবল একটি রাস্তা নয়। এটি স্থানীয় কয়েক হাজার মানুষের জন্য এক বছরেরও বেশি সময় ধরে এক অবর্ণনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কাগজে-কলমে উন্নয়নের ছোঁয়া লাগলেও, কাজের দীর্ঘসূত্রিতা এবং অপরিকল্পিত বাস্তবায়নের ফলে সড়কটি এখন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। আসন্ন ধান কাটার মৌসুমের আগে এই মরণফাঁদ সদৃশ রাস্তাটি কৃষকদের চিন্তার ভাঁজ ফেলেছে।
অনুসন্ধানে জানা যায়, উত্তর দুর্গাপুর ক্যাম্পের মোড় থেকে চকব্দল পর্যন্ত দুই কিলোমিটার সড়কে ইটের সলিংয়ের কাজ দায়সারাভাবে শেষ করা হলেও, এর পরবর্তী বা চূড়ান্ত ধাপ অর্থাৎ কার্পেটিং ও পাকাকরণের কাজ রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়হীনতার খেসারত সাধারণ পথচারী, শিক্ষার্থী এবং এলাকার খেটে খাওয়া মানুষদের দিতে হচ্ছে।
স্থানীয় সিএনজি ও ভ্যানচালকরা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য বৃষ্টিতেই ইটের সলিং দেবে গিয়ে রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। বড় বড় গর্তে আটকে প্রায়ই যাত্রীবাহী যানবাহন উল্টে যায়। চালকদের মতে, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথে গাড়ি চালাতে গিয়ে তাদের মেরামতের পেছনেই আয়ের বড় অংশ চলে যাচ্ছে।
কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি। কিন্তু আসন্ন বোরো ও আমন ধান কাটার মৌসুম সামনে রেখে কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে। কৃষকরা জানান, ফসল ঘরে তোলার এই মৌসুমে যদি রাস্তাটি চলাচলের উপযোগী করা না হয়, তবে উৎপাদিত ধান নির্ধারিত সময়ে হাটে-বাজারে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে।
ক্ষুব্ধ এক কৃষক বলেন, “মাঠে সোনালী ধান পেকে আসছে, কিন্তু বাড়ি পর্যন্ত গাড়ি আসার উপায় নেই। কাঁদা পেরিয়ে মাথায় করে বা অতিরিক্ত ভাড়ায় ধান বাজারে নিতে গেলে আমাদের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাবে। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ব।”
স্থানীয় শিক্ষার্থীরা জানান, স্কুল-কলেজে যাতায়াতের সময় এই দুই কিলোমিটার রাস্তা পার হওয়া তাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা বা সামান্য বৃষ্টিতে হাঁটুসমান কাদা পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হয়। অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে কোমলমতি শিশুরা কাপড় নষ্ট করে বাড়ি ফিরে আসে। বৃদ্ধ ও রোগীদের জরুরি চিকিৎসাসেবার জন্য হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই সড়কটি এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
রাস্তাটির বেহাল দশা এবং কাজ অসম্পূর্ণ থাকার বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় ধামইরহাট উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নূর নবী খানের সঙ্গে। তিনি দায় এড়ানোর সুরে জানান, রাস্তাটির অসমাপ্ত কাজের বিষয়টি তাদের দপ্তরের নজরে রয়েছে।
ঠিকাদারের গাফিলতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। কাজটি যেন দ্রæত শেষ হয়, বর্তমানে সেই প্রক্রিয়া চলমান রয়েছে।” তবে সুনির্দিষ্ট কত দিনের মধ্যে কাজ শেষ হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি।
এলাকাবাসীর জোর দাবি, উন্নয়নের নামে জনদুর্ভোগের এই দীর্ঘসূত্রিতা সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। দ্রæততম সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি খতিয়ে দেখে এবং কার্পেটিং বা পাকাকরণের অসম্পূর্ণ কাজ শেষ করে রাস্তাটিকে সম্পূর্ণ চলাচলের উপযোগী করার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও কৃষকরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন