প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপাল সরকার ভোটেকোশি নদীর তীরবর্তী এলাকাগুলোকে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তিন মাসের জন্য দুর্যোগকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এই দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে।
বুধবার, দেশটির সিংহ দরবারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বন্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
নেপালের সরকারি মুখপাত্র এবং শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী অসমিত পোখরেল জানিয়েছেন, দুর্যোগে আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আহত ও ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত উদ্ধার করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য নেপালের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নেপালি সেনাবাহিনী, বেসরকারি হেলিকপ্টার এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমোদন দেওয়া হয়েছে।
বন্যাকবলিত মানুষের খাদ্য ও আবাসনের ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত পুনর্নির্মাণ এবং দুর্গত এলাকায় নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
যদি বন্যায় পরিবারের কোনো সদস্য নিহত হন, তবে বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নেপালের অর্থমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত সরকারি ও ভৌত অবকাঠামো পুনরুদ্ধারে প্রয়োজনীয় অর্থ এবং সম্পদ সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নেপাল সরকার জানায়, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা আইন, ২০৭৪-এর ৩২ নম্বর ধারার অধীনে ভোটেকোশি নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা গুলোকে দুর্যোগকবলিত ঘোষণা করা হয়েছে।
তথ্যসূত্র : দ্য হিমালয়ান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন