প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ আবু মোশাররফ রাসেল ॥
চট্টগ্রাম, ২৭ নভেম্বর ২০২৬ : দেবদারু গাছের সারি, গাছের গায়ে নানা রঙের প্রলেপ, সোনালী ধানক্ষেত, জলাশয় এবং খোলা প্রান্তরের মধ্য দিয়ে বয়ে চলেছে একটি আঁকাবাঁকা পিচঢালাই সড়ক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ দক্ষিণ পাহাড়তলীয় ওয়ার্ডে অবস্থিত এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যঘেরা সড়কটি নতুন এক আগ্রহের সৃষ্টি করেছে।
চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ফতেয়াবাদ কলেজ রোড (শাহজালাল সড়ক) দিয়ে পশ্চিম দিকে কিছুটা এগিয়ে উত্তর দিকে মোড় নিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ‘ফকিরখীল সড়ক’টি।
সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে সড়কটির পিচঢালাই সম্পন্ন হওয়ার পর স্থানীয় বাসিন্দারা দুই পাশের গাছগুলোকে লাল-নীল-হলুদসহ ৫ ধরনের রঙের প্রলেপ দিয়ে সাজিয়ে তুলেছেন।
এতে পুরো এলাকার চেহারা পরিবর্তিত হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সড়কটি স্থানীয় বাসিন্দা এবং চট্টগ্রামের প্রকৃতিপ্রেমী ও বিনোদনপ্রেমী মানুষের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
প্রতিদিন বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে বিনোদনপ্রেমী মানুষজন সড়কটিতে আসছেন। তারা এখানে হাঁটাহাঁটি করার পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করে নিজেদের মুগ্ধতা প্রকাশ করছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়কটি ভাইরাল হয়ে গেছে।
সড়কটি নিয়ে আশাবাদী স্থানীয় সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি এটিকে ‘মডেল’ হিসেবে বিবেচনা করে সারা দেশে সড়কগুলোকে এমন প্রাকৃতিক বৈশিষ্ট্যমন্ডিত এবং সব সড়কের দুই পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি একটি ডকুমেন্টারির মাধ্যমে তার এলাকার উন্নয়নের দৃশ্যপট তুলে ধরার সময় এই আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফকিরখীল সড়কের দুই পাশে সারি সারি রঙিন দেবদারু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জলাশয়ের স্বচ্ছ পানিতে গাছের ছায়া প্রতিফলিত হচ্ছে।
বিকেলের পর থেকে নানা বয়সী মানুষ ভিড় করেন। কিশোর-তরুণ-তরুণীরা বন্ধুদের সঙ্গে এসেছেন, কেউ শিশুদের নিয়ে এসেছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে এসেছেন। সবাই সড়কটির সৌন্দর্যে মুগ্ধ।
অনেকে সড়কের মাঝে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ আশপাশের প্রাকৃতিক দৃশ্য ভিডিওতে ধারণ করছেন। তার মাঝ দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। স্থানীয় শিশু-কিশোররা বাইসাইকেল চালিয়ে আনন্দ করছে।
সড়কটি ধরে হাঁটলে মনে হয় ব্যস্ত নগরীর কোলাহল থেকে অনেক দূরে কোথাও চলে এসেছেন। অথচ এটি চট্টগ্রাম নগরীর একটি অংশ।
সড়কটি এখন চট্টগ্রাম নগরীর নতুন একটি নান্দনিক সংযোজন। যে রাস্তা এক সময় ছিল কেবল স্থানীয় মানুষের চলাচলের মাধ্যম, সেটিই এখন হয়ে উঠছে মানুষের বিকালের অবসরে হাঁটাহাঁটি, প্রকৃতির সান্নিধ্য পাওয়া এবং প্রশান্তি খুঁজে নেওয়ার ঠিকানা।
স্থানীয়রা জানান, ২০১১ সালের দিকে ফকিরখীল সড়কের দুইপাশে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে পরিকল্পিতভাবে দেবদারু গাছের চারা লাগানো হয়েছিল। এলাকাবাসীই গাছগুলো পরিচর্যা করে বড় করেছে।
তবে ব্রিক সলিন সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহালদশার সৃষ্টি হয়। গত তিন মাস আগে স্থানীয় বাসিন্দা, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম রাশেদ বিষয়টি সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন। মেয়র তাৎক্ষণিকভাবে সড়কটি সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সিরাজুল ইসলাম রাশেদ বাসসকে বলেন, ‘স্থানীয় এলাকাবাসী গাছের প্রতি খুব যত্নশীল, তারা দুইপাশের গাছগুলো বড় করেছে কিন্তু সড়কটির অবস্থা খারাপ ছিল।
তিনি বলেন, মেয়র মহোদয়কে দাবি জানানোর পর তিনি এটিকে পিচঢালাই করে দিয়েছেন। সড়কের কাজ শেষ হওয়ার পর স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে গাছগুলোকে রাঙিয়ে তুলেছেন। প্রকৃতির নিজস্ব সৌন্দর্যের সঙ্গে মানুষের উদ্যোগ মিলেমিশে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ। এখন সড়কটির কারণে পুরো এলাকার দৃশ্যপট বদলে গেছে।
বিকেলে সড়কটিতে বেড়াতে এসেছিলেন ফতেয়াবাদের বাসিন্দা আমির হামজা। তিনি বলেন, ‘আগে এই জায়গাটি দিয়ে চলাচল করলেও এখনকার মতো সুন্দর পরিবেশ ছিল না। এখন সড়কটি পিচঢালাই করার পর পুরো এলাকার চেহারাই বদলে গেছে। বিকাল হলে এখানে অনেক মানুষ আসেন। পরিবার-পরিজন নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটি বেশ ভালো।’
চৌধুরীহাট থেকে ঘুরতে এসেছিলেন সুমাইয়া ইয়াসমিন। তার ভাষায়, ‘ফেসবুকে সড়কটির ছবি দেখেই এখানে আসার আগ্রহ তৈরি হয়েছিল। সরাসরি এসে দেখলাম, জায়গাটি আসলেই খুব সুন্দর। চারপাশে এত সবুজ, পাশে জলাশয়, গাছগুলোও সুন্দরভাবে সাজানো—সব মিলিয়ে অন্য রকম অনুভূতি হয়।’
নগরীর বহদ্দারহাট থেকে বেড়াতে যাওয়া স্কুল শিক্ষক মো. ওসমান সরওয়ার বলেন, ‘আমি বিনোদনপ্রেমী মানুষ, প্রায়ই বিভিন্ন স্থানে বেড়াতে যাই। ফেসবুকে এই সড়কটির একটি ভিডিও দেখার পর ভাবলাম ঘুরে আসি।
তিনি বলেন, এখানে এসে দেখলাম, আসলেই অসাধারণ একটি জায়গা। এটি শুধু রাস্তা নয়, বিনোদন কেন্দ্র হিসেবেও চমৎকার। তবে এখানে দেখলাম মানুষের এত ভিড়, অনেক সময় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। এগুলোর বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সড়কটি উন্নয়নের কাজ করা ঠিকাদারী প্রতিষ্ঠান ‘জোহরা কর্পোরেশনের’ সত্ত্বাধিকারী আতাউল হক পারভেজ বাসসকে বলেন, ‘সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখেই সড়কের উন্নয়ন করা হয়েছে। এখানে টেকসই কাজ করতে তিন ইঞ্চি পিচঢালাই দেওয়া হয়েছে। কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্দিষ্ট সময়েই কাজটি শেষ করা হয়েছে।’
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (জোন-১) মো. জাহিদুর রশিদ ভূঁইয়া বলেন, ‘স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধা এবং এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করার লক্ষ্যে সড়কটি পিচঢালাই করা হয়েছে।
২৫৩৮ ফুট বা প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির গড় প্রস্থ ১৮ ফুট। কাজটি সম্পন্ন করতে চুক্তিমূল্য ছিল ১ কোটি ২১ লাখ ৪৯ হাজার টাকা। আমাদের মূল লক্ষ্য ছিল টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ করা; যার সুফল স্থানীয় মানুষ দীর্ঘদিন পাবেন।’
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন বাসসকে বলেন, ‘নগরীর উন্নয়ন বলতে শুধু যানবাহন চলাচলের জন্য সড়ক নির্মাণ বোঝায় না।
মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, চলাচলের স্বাচ্ছন্দ্য এবং বসবাসযোগ্য পরিবেশ তৈরিও নগর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। ফকিরখীল সড়কটি তার একটি ভালো উদাহরণ। এখানে সড়ক নির্মাণের পাশাপাশি আশপাশের প্রাকৃতিক পরিবেশের কারণে মানুষের জন্য সুন্দর একটি উন্মুক্ত পরিসর তৈরি হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সেসব এলাকাকেও মানুষের জন্য আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব।’
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ফকিরখীল সড়কটি প্রাকৃতিক দৃশ্যের কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে। আমরা নগরীতে এই ধরনের আর সড়ক করতে চাই; যেখানে দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো হবে। শুধু বড় বড় সড়ক কিংবা অবকাঠামো নির্মাণ করলেই হবে না, মানুষের স্বস্তি ও বিনোদনের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি করা প্রয়োজন।’
স্থানীয় সমাজসেবক আবুল কালাম আজাদ বাসসকে জানান, সড়কটির উন্নয়ন এবং গাছ রঙিন করার কারণে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে এই এলাকায় অনেকে জমি কিনতে আসছেন। ফলে এখানকার জমির দামও অনেক বেড়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন