প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, কারণ নভেম্বর মাসে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দলের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন যে, গ্রামীণ ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের শতাধিক শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখা উচিত নয়। তারা বলেন, ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে সংঘটিত এসব হামলার ধরন ও ব্যাপকতা দেশের পতিত ফ্যাসিবাদী শক্তির সহিংস রাজনীতির পুনরুত্থানের চেষ্টা এবং পরিকল্পিত নাশকতার আশঙ্কা সৃষ্টি করেছে। গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় অগ্নিসংযোগের ঘটনা প্রমাণ করে, আগুন-সন্ত্রাসের রাজনীতি পতিত ফ্যাসিবাদী শক্তির রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছে।
এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে, সেই শক্তি যদি আবার রাজনৈতিক স্লোগান, সহিংসতা, অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে জনগণ তা মেনে নেবে না। তারা উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতার ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ রাজনৈতিক নেটওয়ার্ক, অর্থের জোগান কিংবা পরিকল্পনাকারীকে খুঁজে বের করতে হবে।
তারা আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ডিসেম্বরকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার জন্য অগ্নি সন্ত্রাসের পথ অবলম্বন করছে। এরই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যদি সরকার জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ আর্থিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানান। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। তারা বলেন, বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদ, প্রতিহিংসা, অগ্নিসন্ত্রাস কিংবা রাজনৈতিক সহিংসতার পথে ফিরে যেতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন