প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।
শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে পুলিশ উদ্ধার করে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ সময় অধ্যক্ষের কার্যালয় সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর পুরুষ পুলিশ সদস্যরা লাঠিচার্জ শুরু করে।
এক বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা মন্তব্য করেন, সাধারণ ছাত্রীরা হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে আন্দোলন করছিলেন। কিন্তু কলেজ প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে ছাত্রীদের ওপর বলপ্রয়োগের সুযোগ করে দিয়েছে। অভিযোগ উঠেছে যে, এমনকি নারী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে ছাত্রীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে। শিক্ষাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের আচরণ অত্যন্ত ন্যক্কারজনক।
তিনি আরো উল্লেখ করেন, অধ্যক্ষ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক; আলোচনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের সমস্যা সমাধান করাই তার দায়িত্ব ছিল। কিন্তু তিনি তা না করে শিক্ষার্থীদের ওপর পুলিশ ডেকে এনে নিজের অভিভাবকসুলভ আচরণের চরম পরিপন্থি কাজ করেছেন।
বিবৃতিতে এমপি নূরুন্নিসা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন