প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্গাপূজার ছুটি এবং সাপ্তাহিক অবকাশের কারণে টানা পাঁচ দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ছুটির প্রেক্ষাপটে সৈকতের লাবণী পয়েন্টসহ শহরের বিভিন্ন পর্যটনকেন্দ্রে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমিয়েছেন। বিশেষ করে লাবণী পয়েন্টে পর্যটকদের ব্যাপক উপস্থিতি সৃষ্টি করেছে জনসমুদ্রের দৃশ্য। সৈকতের বালুচর থেকে শুরু করে সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি পর্যন্ত পর্যটকদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।
সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে যে, লাবণী পয়েন্টে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে নানা বয়সী মানুষ ঘুরতে এসেছেন। কেউ সমুদ্রের ঢেউয়ে গা ভেজাচ্ছেন, কেউ বালুচরে হাঁটছেন, আবার কেউ প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন। সৈকতজুড়ে সারি সারি ছাতা, বিচ চেয়ার এবং পর্যটকদের আনাগোনায় পুরো এলাকা মুখর হয়ে উঠেছে। পর্যটকদের এই উপস্থিতিতে সৈকতসংলগ্ন ব্যবসা-বাণিজ্যেও কর্মচাঞ্চল্য বেড়েছে।
দীর্ঘ ছুটির সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের আগমনে হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ব্যস্ততা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে পর্যটনজোনে খবর নিয়ে জানা গেছে, প্রায় ৮০-৯০ হোটেল বুকড হয়ে গেছে।
পর্যটকের এই বাড়তি চাপের মধ্যে সৈকতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সমুদ্রে গোসলের সময় লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা, নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে না যাওয়া এবং শিশুদের প্রতি বাড়তি নজর রাখার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তৎপরতা জরুরি।
জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান জানিয়েছেন, ব্যাপক পর্যটক বরণ ও সামাল দিতে প্রশাসন এবং পর্যটন সংশ্লিষ্টরা প্রস্তুত। পর্যটকদের নির্বিঘ্নে কক্সবাজার ভ্রমণে কোনো সমস্যা নেই। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেছেন, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সচেতনভাবে দায়িত্ব পালন করছে। ছুটির আমেজে পর্যটকদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কক্সবাজারের পর্যটন এলাকা। লাবণী পয়েন্টের এই জনসমাগম পর্যটননগরীর আকর্ষণ ও জনপ্রিয়তারই জানান দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন