প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতের আমেজ শুরু হতে না হতেই সর্দি-কাশি বা জ্বরের প্রকোপ দেখা দেয় আবহাওয়ার খামখেয়ালিপনায়। এই সময় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সজনেডাঁটার স্যুপ এই কাজে দারুণভাবে সহায়তা করতে পারে।
বাঙালির রান্নাঘরে সজনেডাঁটা একটি পরিচিত উপাদান; শুক্তো থেকে শুরু করে ঝাল-ঝোলে এর উপস্থিতি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতে নিয়মিত সজনেডাঁটার স্যুপ খেলে শরীরের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন এটি খাদ্য তালিকায় রাখা হলে ভালো ফল পাওয়া যায়।
পুষ্টিগুণের দিক থেকে সজনেডাঁটা অত্যন্ত সমৃদ্ধ। এতে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, আয়রন ও ফোলেট রয়েছে। পাশাপাশি এতে প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিড্যান্ট ও আঁশও বিদ্যমান।
কেন খাবেন সজনেডাঁটার স্যুপ?
রক্তস্বল্পতা দূর করতে: সজনেডাঁটার সঙ্গে সজনেপাতা মিশিয়ে স্যুপ তৈরি করলে শরীরে আয়রন ও ফোলেটের পরিমাণ বৃদ্ধি পায়। যারা হিমোগ্লোবিনের অভাবে ভুগছেন বা রক্তস্বল্পতার সমস্যায় আছেন, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। এতে প্রোটিন ও আঁশও পাওয়া যায়।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে: সজনেডাঁটায় বিদ্যমান ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। পরিবেশনের আগে গরম স্যুপে সামান্য লেবুর রস চিপে দিলে স্বাদ বৃদ্ধির পাশাপাশি ভিটামিন সি-র পরিমাণও বৃদ্ধি পায়।
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে: শীতকালে তৃষ্ণা কম পাওয়ার কারণে অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না। এর ফলে ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে। নিয়মিত সজনেডাঁটার স্যুপ শরীরের পানিশূন্যতা কিছুটা পূরণ করে। এর ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে এবং অকালবার্ধক্যের ছাপ কমাতে সহায়তা করে।
হৃদযন্ত্রের যত্নে: সজনেডাঁটা ও পাতার অ্যান্টি-অক্সিড্যান্ট এবং বিভিন্ন ভিটামিন রক্তনালির স্বাস্থ্য বজায় রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ডায়াবেটিস রোগীদের জন্য: আঁশসমৃদ্ধ খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। সজনেডাঁটায় পর্যাপ্ত আঁশ থাকায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও পরিমিত পরিমাণে এই স্যুপ খেতে পারেন।
কীভাবে বানাবেন?
প্রথমে সজনেডাঁটা ছোট ছোট টুকরো করে কেটে পানিতে সেদ্ধ করে নিন। ঠান্ডা হয়ে এলে ওপরের শক্ত আঁশ বা খোসা ছাড়িয়ে ভেতরের নরম অংশটুকু বেটে বা চটকে নিন।
এখন একটি প্যানে এক চা-চামচ ঘি গরম করে তাতে পেঁয়াজকুচি ও রসুনকুচি হালকা ভেজে নিন। এরপর ডাঁটার শাঁস ও ধোয়া সজনেপাতা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ নাড়ুন। পরিমাণমতো পানি ও স্বাদমতো লবণ দিয়ে ফুটিয়ে নিন। নামানোর আগে সামান্য জিরাগুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন। গরম-গরম পরিবেশন করুন পুষ্টিকর সজনেডাঁটার স্যুপ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন