প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স দর্শকদের জন্য তিন ঘণ্টার ধীরগতির সিনেমা, যেখানে চটকদার গল্পের কোনো আয়োজন নেই, এমন একটি ছবির প্রতি আগ্রহের আশা অনেকেই করেননি। তবে খ্যাতিমান নির্মাতা লি চ্যাং-দংয়ের নতুন সিনেমা ‘পসিবল লাভ’ সেই ধারণাকে বদলে দিয়েছে। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকার শীর্ষে উঠে এসেছে ছবিটি। রোববার সকালেও ছবিটি প্রথম স্থানে অবস্থান ধরে রেখেছিল।
শুক্রবার বিকেল পাঁচটায় নেটফ্লিক্সে মুক্তি পায় ‘পসিবল লাভ’। মুক্তির পরপরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে সিনেমাটি। নেটফ্লিক্সের প্রকাশিত দৈনিক তালিকায় কোনো কনটেন্টের মোট দেখা হওয়ার সময়কে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে জনপ্রিয়তার অবস্থান নির্ধারণ করা হয়ে থাকে। ২০২৩ সাল থেকে এই পদ্ধতিতে তালিকা প্রকাশ করছে প্ল্যাটফর্মটি।
দর্শকদের আগ্রহ তৈরিতে সিনেমাটির মুক্তিকে ঘিরে ভূমিকা রেখেছে এর আগে প্রকাশিত আরেকটি কাজও। ‘পসিবল লাভ’ মুক্তির আগে সোমবার নেটফ্লিক্সে প্রকাশ করা হয় লি চ্যাং-দংয়ের ২০২২ সালের ২৮ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হার্টবিট’। ধর্মঘটের অভিঘাত কীভাবে একটি পরিবারের জীবনে প্রভাব ফেলে, সেটিই ছবিটির মূল বিষয়বস্তু। এতে এক ছোট ছেলে ও তার সংগ্রামী মা-বাবার জীবন তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, ‘পসিবল লাভ’-এর দম্পতি চরিত্রে অভিনয় করা জিওন দো-ইয়ন ও সুল কিয়ং-গুও এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
নেটফ্লিক্সে আসার আগে দক্ষিণ কোরিয়ার নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে দুই সপ্তাহ প্রদর্শিত হয় ‘পসিবল লাভ’। ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া সেই প্রদর্শনীতে ছবিটি দেখেছেন ২ লাখ ৩০ হাজার ৪৭২ জন দর্শক। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের টিকিট বিক্রির হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
ছবির গল্পে উঠে এসেছে ভিন্ন আর্থসামাজিক অবস্থানের দুটি দম্পতির জীবন। একটি তথ্যচিত্র নির্মাণের সূত্রে তাদের জীবনের গল্প এক জায়গায় এসে মেলে। সুল কিয়ং-গুও ও জিওন দো-ইয়ন অভিনয় করেছেন চাকরি হারানো এক কারখানাশ্রমিক ও তাঁর স্ত্রীর চরিত্রে। অন্যদিকে ধনী স্বামীর ভূমিকায় জো ইন-সাং এবং তথ্যচিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন চো ইয়ো-জং।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর এটি লি চ্যাং-দংয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। সেখান থেকে উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারও অর্জন করে সিনেমাটি। এরপর আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পেয়েছে ‘পসিবল লাভ’। অনেকের মতে, এটি চলতি বছরের অন্যতম সেরা চলচ্চিত্র।
ছবিটি পুরস্কারের দৌড়েও এগিয়ে রয়েছে। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে ‘পসিবল লাভ’। এছাড়া গথাম অ্যাওয়ার্ডসে তিনটি বিভাগে মনোনীত হয়েছে সিনেমাটি। এর মধ্যে জিওন দো-ইয়নের জন্য রয়েছে সেরা প্রধান অভিনয়শিল্পীর মনোনয়ন।
তবে ছবিটির যাত্রা খুব সহজ ছিল না। লি চ্যাং-দং স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় নিয়মিত প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছবিটির অর্থায়নে কোনো বিনিয়োগকারী পাননি তিনি। পরে নেটফ্লিক্স এগিয়ে আসে। শুধু স্ট্রিমিংয়ে মুক্তি নয়, নির্মাতাকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে ছবিটি মুক্তির নিশ্চয়তাও দেয় প্ল্যাটফর্মটি।
সূত্র: কোরিয়া হেরাল্ড
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন