প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর সায়দাবাদ জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ বছর বয়সী যুবক আরিয়ান। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে তার স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান গুলিস্তানের ফুটপাতে জুতা বিক্রি করতেন এবং প্রতিদিন রাত ১১টার দিকে বাসায় ফিরতেন। বৃহস্পতিবার রাত ৩টা পেরিয়ে গেলেও তার বাসায় না ফেরায় সোহাগ তাকে খুঁজতে গুলিস্তানে যান। সেখানে না পেয়ে ফেরার পথে সায়দাবাদ জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে মানুষের জটলা দেখতে পান। কাছে গিয়ে তিনি আরিয়ানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহাগ মিয়ার ধারণা, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, আরিয়ানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার রামগড় গ্রামে। তার বাবার নাম আব্দুল কাদের ভূঁইয়া। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন। এক বছর আগে বিয়ে করেন আরিয়ান। তার স্ত্রী মিম চার মাসের অন্তঃসত্ত্বা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন