প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ খোরশেদ আলম শিমুল ॥
চট্টগ্রাম (উত্তর), ২৩ নভেম্বর, ২০২৬ : বছরের পর বছর ধরে উত্তর চট্টগ্রামের স্থানীয় কৃষকরা হালদা নদীর পাড়ে চাষাবাদ করে আসছেন ঐতিহ্যবাহী মিষ্টি লাল মরিচ।
এ মরিচের খ্যাতি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে তুলনামূলক কম ঝাল ও মিষ্টির কারণে। বর্তমানে, হাটহাজারীর মিষ্টি মরিচ বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
হাটহাজারীর মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু। মিষ্টি মরিচ বলতে মূলত স্বাদগত মিষ্টি নয়, বরং মরিচটির অসাধারণ ঘ্রাণের কারণে এটি মিষ্টি মরিচ নামে পরিচিত।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিটিশ আমল থেকে গৃহিণী ও রন্ধনশিল্পীদের কাছে হাটহাজারীর মিষ্টি মরিচের জনপ্রিয়তা রয়েছে। এই মরিচের রান্নায় স্বাদ, গন্ধ ও রংয়ের কারণে সুনাম ছড়িয়ে পড়েছে। বলা যায়, হাটহাজারী মিষ্টি মরিচের রং, ঘ্রাণ ও স্বাদের ভিন্নতার কারণে এটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
মিষ্টি মরিচের অসাধারণ ঘ্রাণের কারণে এটি স্থানীয়ভাবে, জাতীয় পর্যায়ে এবং দেশের বাইরেও কদর বেড়েছে। কৃষকরা জানান, হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে, বিশেষ করে হালদা নদীর পাড়ে ও চরে, মরিচ চাষ করা হয়। প্রাকৃতিক পরিস্থিতি ভালো থাকলে মরিচ চাষীরা প্রতি মৌসুমে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মরিচ বিক্রি করে থাকেন। এক ফসলা মরিচ চাষের শুরুতে কৃষকদের ২০/৩০ হাজার টাকা ব্যয় হলেও তারা লাভ করে থাকেন তার দ্বিগুণ।
হাটহাজারীর এই মরিচের আরেকটি গুণ হলো কাঁচা মরিচ দিয়ে চাটনি/সালাদ স্বাদে গন্ধে অতুলনীয়। মরিচটির রঙ শুকনো অবস্থায় আকর্ষণীয় লাল এবং কাঁচা অবস্থায় হলুদাভ সবুজ হয়। হাটহাজারীর মিষ্টি মরিচ বিখ্যাত হওয়ার আরেকটি কারণ হলো, এটি প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অববাহিকায় চাষ হয়। এজন্য এটি ‘হালদা মরিচ’ নামেও পরিচিত।
মাটির বৈশিষ্ট্য:
হালদার তীরবর্তী জৈব পদার্থ সমৃদ্ধ নিষ্কাশিত দোআঁশ মাটিতে মিষ্টি মরিচ ভাল জন্মে।
হালদা মরিচের বিশেষত্ব:
১. টকটকে কালচে লাল রঙের ও মিষ্টি সুঘ্রাণযুক্ত। ২. কম ঝাল বিশিষ্ট। ৩. মরিচের আকার ২.৫-৪ ইঞ্চি। ৪. আকারে মোটাসোটা ও চামড়া পাতলা। ৫. গাছের উচ্চতা: ৩.৫-৪ ফুট। ৬. প্রতি গাছে ৫০-৮০টি মরিচ ধরে।
৭. আয়ুষ্কাল: ১২০-১৩০ দিন। ৮. ফলন: হেক্টর প্রতি ১.৫-২ মে.টন। ৯. আবাদের মৌসুম: রবি।
হালদা মরিচের দাম বাজারে চাহিদা অনুযায়ী কেজি প্রতি ৩৫০-৬শ’ টাকা পর্যন্ত হয়ে থাকে। মৌসুম ভেদে এবং দেশি ও অন্যান্য মরিচের তুলনায় হালদা মরিচের দাম কেজি প্রতি ৫০-১শ’ টাকা বেশি থাকে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
স্থানীয় কৃষকরা জানান, হাটহাজারীর বেলে-দোআঁশ মাটি এবং এখানকার জলবায়ুতে এ মরিচের চাষাবাদ হয় বলেই ফলন বেশ ভালো ও গুণাগুণ সম্পন্ন হয়। শুধু হাটহাজারী নয়, হালদা নদীর অববাহিকায় এ জাতের মরিচ পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়ি উপজেলাতেও চাষাবাদ হয়। রাউজান ও ফটিকছড়ি উপজেলাতে একই বীজের মরিচ চাষ হলেও হাটহাজারীর মরিচেরই কদর বেশি। ক্রেতারা দূর-দূরান্ত থেকে হাটহাজারীর মরিচ কেনার জন্য আসেন।
কোথায় পাবেন হালাদা পাড়ের মিষ্টি মরিচ:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের কাচারি সড়কের মাঝামাঝি এলাকায় প্রতি রোববার ও বৃহস্পতিবার মরিচহাটার গলিতে হাটহাজারীর মরিচ বিক্রি হয়ে থাকে। অন্যান্য মরিচের তুলনায় হাটহাজারীর মরিচের দাম প্রায় দ্বিগুণ। তবুও গ্রাহকের কাছে এর চাহিদা বেশি। শীত মৌসুমে বিশেষ করে চট্টগ্রামের মানুষ এ মিষ্টি মরিচের চারা কেনার জন্য অপেক্ষা করেন। মৌসুমের সময় পার্শ্ববর্তী উপজেলা-ফটিকছড়ি, রাউজানসহ বিভিন্ন অঞ্চলের চাষিরা মিষ্টি মরিচের বীজ/চারা কিনতে এ বাজারে ভিড় জমান।
মরিচের আবাদ দ্বিগুণ করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের সুপারিশ:
হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি উপজেলায় হালদার তীরবর্তী এলাকায় যুগ যুগ ধরে হালদা মরিচের আবাদ হয়ে আসছে। কৃষক কর্তৃক আবাদ, বীজ উৎপাদন, সংরক্ষণের কারণে দীর্ঘমেয়াদে উক্ত জাতের মাতৃগুণাগন, বালাইয়ের প্রতি সহনশীলতা ক্রমশ কমে আসছে। ফলে এর আবাদে কৃষকের আগ্রহ কমে আসছে।
একারণে হাইব্রিড মরিচ আবাদে কৃষক ঝুঁকে পড়ছে। দেশীয় জাত হিসেবে হালদা মরিচের আবাদ ঝুঁকিতে রয়েছে। নিম্নোক্ত কার্যক্রমের সমন্বিত পদক্ষেপ দেশীয় জাত হিসেবে হালদা মরিচের আবাদ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
হালদা মরিচের জার্মপ্লাজম সংগ্রহ, বৈশিষ্ট্য নিরূপণ ও উচ্চফলনশীল জাত হিসেবে উন্নয়নে বিশেষ গবেষণা কার্যক্রম গ্রহণ ও বরাদ্ধ দেয়ার ব্যবস্থা গ্রহণ।
বিশুদ্ধ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বালাই ব্যবস্থাপনা প্রযুক্তির সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ দেয়া।
মাটির জৈব পদার্থ বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহারের পাশাপাশি জৈব সার ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহারে কৃষকদের বিশেষ প্রণোদনা দেয়া।
হালদা মরিচকে স্থানীয় কৃষি ঐতিহ্য হিসেবে সংরক্ষণ ও উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ। হালদা মরিচকে ব্র্যান্ডিং করে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের ব্যবস্থা ও বাজার সৃষ্টিতে কার্যক্রম গ্রহণ।
কৃষক সমবায় বা ‘হালদা মরিচ উৎপাদক গ্রুপ’ গঠন করে উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারি সহায়তা প্রদান।
হালদা মরিচ প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণে উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা প্রদান।
পৌর সদরের মোহাম্মদপুর এলাকা থেকে মরিচ বিক্রি করতে আসা আলমগীর জানান, হাটহাজারীর মরিচ প্রতি কেজি ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা বিক্রি হয়। উপজেলার অন্যান্য বড় বড় বাজারগুলোর চেয়ে হাটহাজারী বাজারে এই মরিচ সূলভ মূল্যে পাওয়া যায়। ক্রেতারা হাটহাজারী বাজারের ‘মরিচ হাটার গলি’তে ভিড় জমায়। তবে দেশের বিভিন্ন কোম্পানি হাটহাজারীর মরিচ বলে যে মরিচ বাজারজাত করেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব কোম্পানি আমাদের কাছ থেকে কখনও মরিচ কেনে না। আর এসব কোম্পানির মরিচ হাটহাজারীর মরিচ হিসেবে কীভাবে বিক্রি হয় তা প্রশ্ন সাপেক্ষ?
হাটহাজারীর মিষ্টি মরিচ কিনতে আসা মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার বাসিন্দা ও মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী মিনুওয়ারা বেগম বাসস’কে জানান, ‘হাটহাজারীর মিষ্টি মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন জেলার মরিচের চেয়ে হাটহাজারীর মরিচের মূল্যে অন্তত ২শ’ টাকা বেশি। এ মরিচ আমারা শুধু নিজেরা তরকারি রান্নার ক্ষেত্রে ব্যবহার করার পাশাপাশি আমাদের প্রিয়জন যারা দেশের বাইরে থাকেন তাদের কাছেও ক্রসিং মিলের মাধ্যমে গুঁড়ো করে পাঠিয়ে থাকি।’
হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন বাসস’কে জানান, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশে হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালদা মরিচের আবাদ বৃদ্ধি নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২২ বিঘা জমিতে কাজ শুরু হয়েছে। নিবিড় পরিচর্যা ও মনিটরিং করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে হালদা মরিচকে হাটহাজারী উপজেলার জিআই পণ্য হিসেবে ঘোষণা করা যায়। পাশাপাশি হালদা মরিচের চাষাবাদ সম্পর্কে অন্যান্য কৃষকদের যেন উৎসাহিত করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন