প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জন্ম ভারতের মেঘালয়ে হলেও, আসামে তার বেড়ে ওঠা। গোটা ভূ-ভারত তার সুরের জাদুতে মুগ্ধ ছিল। তিনি জুবিন গার্গ। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে মাত্র ৫২ বছর বয়সে বিদায় নেন এই অসম্ভব জনপ্রিয় শিল্পী। তার মৃত্যুতে ভারত শোকে স্তব্ধ হয়ে যায়।
জুবিন গার্গের মৃত্যুর এক বছর পেরিয়ে গেছে। কিন্তু তার প্রতি ভক্তদের আবেগ ও ভালোবাসা কোনোভাবেই কমেনি। সম্প্রতি, জুবিন গার্গের পরিবার তার প্রিয় রেঞ্জ রোভার ভেলার গাড়িটি বিক্রি করে দিয়েছে। এ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ভক্তরা দাবি করেছেন, প্রয়োজনে তারা টাকা তুলে দেবেন, তবে যেন জুবিনের স্মৃতি বিক্রি না হয়। রাজনৈতিক কর্মী দুলু আহমেদ গাড়িটি কেন বিক্রি করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে জুবিনের ছোট বোন পামী বরঠাকুর জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গের সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিলাসবহুল এই এসইউভি গাড়িটি গুয়াহাটির আজারার বাসিন্দা সোনমণি দাসের কাছে বিক্রি করেছেন গরিমা। জানা গেছে, প্রয়াত গায়কের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কারণেই দাস গাড়িটি কিনেছেন। দুলু আহমেদ বলেছেন, তিনি ক্রেতার সাথে যোগাযোগ করেছেন এবং জুবিনের সাথে গাড়িটির আবেগঘন সম্পর্কের কথা উল্লেখ করে সেটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যোরহাটের একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করে আহমেদ বলেন, ‘আমার এখনো মনে আছে, যোরহাটের এক অনুষ্ঠানে জুবিন গার্গ বলেছিলেন, ‘আমি এই শহর ছেড়েছিলাম একটি সাইকেল নিয়ে, আর ফিরেছি একটি রেঞ্জ রোভার নিয়ে।’ জুবিনের কথাতেই গাড়িটির প্রতি তার আবেগ স্পষ্ট ছিল।
দুলু আহমেদ দাবি করেন, ক্রেতা তাকে জানিয়েছেন, জুবিনের সাথে ব্যক্তিগত সংযোগ বা ভালোবাসার কারণেই তিনি গাড়িটি কিনেছেন। আহমেদ বলেন, ‘আমি তাকে বলেছি যে জুবিনের সাথে কেবল তার একারই আবেগ জড়িয়ে নেই। তার ভক্ত, বন্ধু এবং অগণিত অনুরাগীও গায়কের সাথে গভীর একাত্মতা অনুভব করেন। আমি তাকে গাড়িটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং আশ্বস্ত করেছি যে আমরা জুবিনের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মিলে গাড়িটি কিনতে তিনি যে অর্থ ব্যয় করেছেন, তা জোগাড় করে দেব।’
আহমেদ জোর দিয়ে বলেন যে, তার এই আবেদনের উদ্দেশ্য ক্রেতার সাথে বিষয়টিকে ব্যক্তিগত দ্বন্দ্বে পরিণত করা নয়। এই বিতর্কে জুবিনের ছোট বোন পামী বরঠাকুর তার স্ত্রী গরিমার পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ’গরিমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না এবং এর পেছনের পরিস্থিতি সম্পর্কে পরিবারের বাইরের মানুষের জানা নাও থাকতে পারে।’
জুবিনের অনুরাগীদের আবেগকে সম্মান জানিয়ে তিনি বলেন, এর অর্থ এই নয় যে পরিবারের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন তোলার অধিকার কারও রয়েছে। বরঠাকুর বলেন, ‘সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্তটি গরিমার জন্য সহজ ছিল না। তার এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমরা মানুষের আবেগ বুঝি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি তার ওপর যে ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে তা মোটেও সমীচীন নয়।’
তিনি পরামর্শ দিয়েছেন যারা এ বিষয়ে ব্যাখ্যা চাইছেন, তাদের উচিত বিষয়টিকে জনসমক্ষে বিতর্কের বিষয়ে পরিণত না করে সরাসরি গরিমার সাথে যোগাযোগ করা। তিনি বলেন, ‘কেউ যদি জানতে চান কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তবে তিনি গরিমাকে একটি খোলা চিঠি লিখে ব্যাখ্যা চাইতে পারেন।’ বরঠাকুর আরো বলেন, ‘কোনো স্বাধীনচেতা নারীই জনসমক্ষে তার আর্থিক অবস্থা প্রকাশ করতে বা অর্থনৈতিক অবস্থানের বিবরণ শেয়ার করতে চাইবেন না। এক বছরেরও বেশি সময় ধরে তিনি একাই সবকিছু সামলেছেন। সে সময় কেউ এগিয়ে এসে তার পরিস্থিতির কথা জানতে চাননি। এখন, যখন তিনি হয়তো কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
গরিমার ব্যাংক ব্যালেন্স এবং আর্থিক নথিপত্র নিয়ে আলোচনার আপত্তি জানিয়ে বরঠাকুর বলেন, ’তার ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক স্টেটমেন্টকে জনসমক্ষে আলোচনার বিষয় বানানোর অধিকার কে দিয়েছে? ব্যক্তিগতভাবে আমি এটি পছন্দ করি না।’ শিল্পী হিসেবে জুবিনের জনজীবন এবং পরিবারের গোপনীয়তার অধিকারের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টেনে দিয়ে, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য পরিবারের ব্যক্তিগত বিষয়গুলোকে ব্যবহার না করার বিষয়েও তিনি সতর্ক করে দেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এ বিষয়ে মুখ খুলেছেন এবং স্পষ্ট করেছেন যে জুবিনের পরিবার যে সিদ্ধান্তই নেবে, রাজ্য সরকার তা সম্মান জানাবে। শর্মা জানান, তিনি এর আগে পরিবারকে সরকারের কাছ থেকে মাসিক আর্থিক সহায়তা গ্রহণ করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, ’আমি জুবিন গার্গের পরিবারকে রাজ্য সরকারের কাছ থেকে মাসিক আর্থিক সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তার স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে বলেন যে পরিবারের মাসিক আর্থিক সহায়তার প্রয়োজন নেই এবং সরকার ওই তহবিল অন্য কাজে ব্যবহার করতে পারে। তার এই সিদ্ধান্তের প্রশংসা করা উচিত।’
তিনি বলেন, সরকার পরিবারের পাশে দাঁড়িয়ে থাকবে, তবে তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। প্রস্তাবিত ‘জুবিন ক্ষেত্র’ নিয়েও কথা বলেন শর্মা এবং জানান যে এর নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। ওই স্থানে রেঞ্জ রোভার গাড়িটি রাখার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এলাকাটি আপাতত নির্মাণ এলাকা হিসেবেই থাকবে এবং সেখানে কোনো গাড়ি থামানো বা পার্ক করার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে পরিবারের সাথে আলোচনা করব এবং তারা যে সিদ্ধান্তই নেবেন তা সম্মান জানাব। জুবিন গার্গের পরিবারের সিদ্ধান্ত নিয়ে আমাদের অপ্রয়োজনীয় মন্তব্য করা উচিত নয়।’
এদিকে জুবিন গার্গের মুম্বাইয়ের আরেকটি সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে বলে যে খবর ছড়িয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দুলু আহমেদ। তিনি রাজ্য সরকারকে পরিবারের কাছ থেকে উপযুক্ত বাজারমূল্য দিয়ে সম্পত্তিটি অধিগ্রহণের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। গায়কের উত্তরাধিকার তার তাৎক্ষণিক পরিবারের গণ্ডি ছাড়িয়ে গেছে উল্লেখ করে আহমেদ বলেন, আসামজুড়ে মানুষ তার স্মৃতিবিজড়িত জিনিসপত্রের সাথে আবেগের সূত্রে আবদ্ধ।
দুলু আহমেদ বলেন, ‘জুবিন গার্গের মুম্বাইয়ের সম্পত্তিটিও বিক্রি হওয়ার উপক্রম হয়েছে বলে শোনা যাচ্ছে। পরিবারের কাছ থেকে উপযুক্ত বাজারমূল্য দিয়ে সরকার কেন সম্পত্তিটি অধিগ্রহণ করতে পারে না? জুবিন গার্গের জিনিসপত্রের ওপর পরিবারের নিশ্চয়ই অধিকার রয়েছে, কিন্তু আসামের মানুষও তার সাথে সমানভাবে আবেগের সূত্রে জড়িত।’
এই মতবিরোধ গায়কের স্মৃতিবিজড়িত জিনিসপত্রের প্রতি অনুরাগীদের আবেগের সাথে তার সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পারিবারিক অধিকারকে মুখোমুখি দাঁড় করিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন