প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় অস্ত্র কেনাবেচার জন্য নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মনাকষা এলাকায় অভিযানটি সম্পন্ন হয়। একই দিন সন্ধ্যায় এসআরবি-৫ ব্যাটালিয়ন, রাজশাহী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হাটপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে আহসান আলী (৫৬) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাউসনগর গ্রামের তহুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৮)।
এসআরবি জানায়, সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে রুস্তম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং নগদ টাকা সহ আহসান আলী ও আব্দুর রহিমকে আটক করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার হওয়া আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি এবং গুরুতর জখমের অভিযোগে অন্তত তিনটি মামলা রয়েছে। অন্যদিকে, আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় জাল টাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্রের কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-৫ ব্যাটালিয়নের রাজশাহী সদর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার নাইম আনোয়ার শাওন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসআরবি-৫-এর রাজশাহী সদর ক্যাম্প এবং চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন