প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি, জন্মনিবন্ধনে টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ, ‘দফা এক, দাবি এক—আজম উদ্দিনের পদত্যাগ’
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আজম উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, জন্মনিবন্ধন সেবায় অর্থ দাবি এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তাঁর অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় জেলে সম্প্রদায়ের নারী-পুরুষ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় শতাধিক মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে গেলে প্রশাসনিক কর্মকর্তা আজম উদ্দিনের কাছে হয়রানির শিকার হতে হয়। তাঁদের দাবি, জন্মনিবন্ধনের জন্য টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা কম দিতে চাইলে সেবাপ্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। নারী ও বয়স্ক ব্যক্তিদের সঙ্গেও তিনি অসম্মানজনক আচরণ করেন বলে অভিযোগ করেন তাঁরা।
প্রতিবাদকারীরা আরও অভিযোগ করেন, বাবার বয়সী একজন ব্যক্তিকে ধাক্কা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তাঁদের ভাষ্য, সাধারণ মানুষ সরকারি সেবা নিতে ইউনিয়ন পরিষদে গিয়ে সম্মানজনক আচরণ পাওয়ার পরিবর্তে অপমান ও দুর্ব্যবহারের মুখোমুখি হচ্ছেন।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তাঁর দোসররা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল রয়েছেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও আজম উদ্দিন আওয়ামী লীগ-ঘনিষ্ঠ সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে ওঠাবসা করেন বলে অভিযোগ করেন তাঁরা। এ সময় তাঁরা প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মগধরার সাধারণ মানুষ আর তাঁকে ইউনিয়ন পরিষদে দেখতে চান না। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি ও বরখাস্ত করতে হবে। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
প্রতিবাদ সভা থেকে অংশগ্রহণকারীরা এক দফা এক দাবি—‘আজম উদ্দিনের পদত্যাগ’ স্লোগান তুলে ধরেন। তাঁরা জানান, এ দাবিতে সংবাদ সম্মেলন করেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। আজম উদ্দিনের পদত্যাগের খবর পেলে মগধরার সাধারণ মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করবেন বলেও ঘোষণা দেন প্রতিবাদকারীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন