প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথম সংসার ভাঙার ছয় বছরের বেশি সময় পেরিয়ে গেছে। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন উপস্থাপক রিমি টমি এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তিনি দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন এই গায়িকা।
ভিডিওতে রিমি জানান, দীর্ঘদিন একা জীবন কাটানোর পর এক সময় তাঁর মনে হয়েছে, জীবনে একজন উপযুক্ত জীবনসঙ্গীর প্রয়োজন রয়েছে। যদিও পরিবার সব সময় পাশে ছিল, তবুও মনের মতো একজন মানুষের অভাব অনুভব করতেন তিনি। অবশেষে ২০২৬ সালে তাঁর জীবনে নতুন একজনের আগমন ঘটেছে। শিগগিরই তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তবে হবু স্বামীর পরিচয় নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন রিমি। তিনি জানিয়েছেন, তাঁর জীবনসঙ্গী অভিনয় কিংবা সংগীতজগতের কেউ নন। এমনকি তিনি কোনো তারকা বা কোটিপতিও নন। অর্থ ও খ্যাতির চেয়ে একজন মানুষের মানসিকতা, পারস্পরিক বোঝাপড়া এবং যত্নশীল মনোভাবকেই বেশি গুরুত্ব দিয়েছেন এই গায়িকা।
রিমির ভাষায়, তিনি এমন একজন মানুষ চেয়েছেন, যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে তাঁকে সহযোগিতা করবেন এবং মানসিক শান্তি দেবেন। নতুন সম্পর্কটিকে সৃষ্টিকর্তার উপহার হিসেবেই দেখছেন তিনি। অল্প সময়ের পরিচয় হলেও দুজনের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন রিমি। ভিডিওর শেষ দিকে শিগগিরই হবু স্বামীর নাম ও পরিচয় প্রকাশ করার ইঙ্গিতও দিয়েছেন।
এর আগে ২০০৮ সালের ২৭ এপ্রিল ব্যবসায়ী রয়েস কিঝাকুডানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিমি। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। ২০২০ সালের ১৬ এপ্রিল পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।
সংগীতজীবনে ২০০২ সালে মালয়ালম সিনেমা ‘মিসা মাধবন’-এর মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক হয় রিমির। ছবির ‘চিঙ্গামাসাম’ গানটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে গান ও টেলিভিশন উপস্থাপনা, দুই ক্ষেত্রেই নিজের অবস্থান তৈরি করেন তিনি। এবার দ্বিতীয় বিয়ের মধ্য দিয়ে ব্যক্তিজীবনে নতুন শুরু করতে যাচ্ছেন এই শিল্পী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন