প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাট, ১৯ নভেম্বর, ২০২৬ : লালমনিরহাট-রংপুর মহাসড়কসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের চলাচলের পথে উত্তরাঞ্চলের গ্রামীণ জীবনধারা ও লোকজ ঐতিহ্যের চিত্র তুলে ধরা হয়।
সড়কের দুই পাশে ঘোড়া, বর-কনের প্রতিকৃতি, কৃষিকাজের দৃশ্য, ধানের শীষের নকশা ও নকশিকাঁথার শিল্পকর্মসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ডিসপ্লে সাজানো হয়।
শিশু শিল্পী ও শিক্ষার্থীরা রংপুর অঞ্চলের আঞ্চলিক গানের তালে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এসব আয়োজনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে ফুটে ওঠে উত্তরাঞ্চলের নিজস্ব সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য। প্রধানমন্ত্রী ডিসপ্লে ও পরিবেশনা দেখে হাত নেড়ে এবং হাততালি দিয়ে শিল্পী ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
আজ বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে লালমনিরহাট পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয়।
শিশু শিল্পী তাহুমিনা জাহান মুসি বলেন, "সড়কে ডিসপ্লেতে অংশ নিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের দেখে হাসিমুখে হাত নেড়ে উৎসাহ দিয়েছেন। তাঁর কাছ থেকে এমন উৎসাহ পাওয়া আমাদের জন্য অনেক আনন্দের স্মৃতি হয়ে থাকবে।"
জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার ও সুরকার সত্যেন্দ্রনাথ রায় এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী বাসসকে জানান, মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় এসব সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। তাঁরা বলেন, "একটি জেলার পরিচয় শুধু ভৌগোলিক অবস্থান বা অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনযাপন, কৃষি, লোকসংগীত ও সামাজিক সংস্কৃতিও সেই পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।" প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এসব ঐতিহ্য তুলে ধরার উদ্যোগে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক বলেন, "সরকার প্রধান হিসেবে তারেক রহমানের লালমনিরহাটে এটি প্রথম সফর। তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা করছেন।"
আয়োজক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের মেনুতেও রাখা হয় রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার। এর মধ্যে ছিল তিস্তা নদীর বৈরালী মাছ, বিভিন্ন ধরনের ভর্তা ও স্থানীয় খাবার। সফরের আনুষ্ঠানিকতায় উত্তরাঞ্চলের খাদ্যসংস্কৃতিকেও তুলে ধরা হয়।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
পরে জেলা সদরের মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জনসভায় যোগ দেন।
এরপর জেলা সার্কিট হাউসে বিশ্রাম শেষে জেলা শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, "প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন