প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার তালা উপজেলায় তীব্র প্রশাসনিক ও জনসেবা সংকট দেখা দিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘ তিন মাস ধরে শূন্য থাকার কারণে এবং সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হওয়ায় পুরো উপজেলার প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক সেবা ও স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রমে এর প্রভাব সরাসরি পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ নভেম্বর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস জান্নাতুল আফরোজ স্বর্ণাকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়। তালা পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ সহকারী কমিশনার (ভূমি) পদটি গত তিন মাস ধরে শূন্য রয়েছে। বিগত সময়ে দুবার কর্মকর্তা পদায়ন করা হলেও বিভিন্ন অনিবার্য কারণে তারা যোগদান করেননি। ফলে উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ২০২৫ সালের ১১ আগস্ট তালায় যোগদান করেছিলেন। এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ৩০ জুলাই তাকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর থেকেই পদটি শূন্য রয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আব্দুল আহাদকে তালা উপজেলায় পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। পরবর্তীতে চলতি মাসে গত এক সপ্তাহ পূর্বে জনাব নাজমুস সাকিবকেও এই পদে পদায়ন করা হলেও তিনিও অজ্ঞাত কারণে তালাতে যোগদান নাকরে অন্যত্র চলে যান।
সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকায় জমির নামজারি, খারিজ, ভূমি সংক্রান্ত শুনানি, খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের মতো অতি জরুরি কাজগুলো থমকে গেছে। সাধারণ সেবাগ্রহীতারা দিনের পর দিন অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এসি ল্যান্ডের পদ দীর্ঘদিন শূন্য থাকায় এর বহুমুখী প্রভাব পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতেও। যেকোনো জমি বেচাকেনা বা হস্তান্তরের পূর্বশর্ত হলো অনলাইনে নামজারি ও ভূমি সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা, যা এসিল্যান্ডের এখতিয়ারভুক্ত।
তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘ তিন মাস ধরে এসি ল্যান্ড না থাকায় এবং মিউটেশনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় এই সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি কার্যক্রম বর্তমানে প্রায় বন্ধ রয়েছে। এর ফলে চরম আর্থিক ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়েছে এই অফিসের স্বাভাবিক কার্যক্রম।
একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রি অফিসের এই জটিলতায় উপজেলার সার্বিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল, সেবাগ্রহীতা ও এলাকাবাসী তালা উপজেলার ভূমি প্রশাসনে দ্রুত স্থায়ী সমাধান এবং একজন দায়িত্বশীল সহকারী কমিশনার (ভূমি) ও নতুন ইউএনও পদায়ন করে নিয়মিত কার্যক্রম চালুর জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন