প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহে বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের পূর্বে এসএসসির ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে চারগুণের বেশি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এই অনিয়মের অভিযোগটি উপজেলা সদরের দাপুনিয়ার বেসরকারি ‘আইডিয়াল মডেল একাডেমি উচ্চবিদ্যালয়’ কর্তৃপক্ষের বিরুদ্ধে করা হয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সূত্রে জানা যায়, আগামী ১৬ নভেম্বর থেকে আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পর অনলাইনে ফি জমা দেওয়ার নিয়ম রয়েছে। বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতি পত্রের ফি ১২৫ টাকা, ব্যবহারিকের ফি (যদি থাকে) ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৮০ টাকা এবং মূল সনদ ফি ১৫০ টাকাসহ একজন শিক্ষার্থীর সর্বমোট ফি ২ হাজার টাকারও কম হওয়ার কথা।
অভিযোগ উঠেছে যে, আইডিয়াল মডেল একাডেমি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে এককালীন ৯ হাজার ৫০০ টাকা করে আদায় করছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বোর্ডের নির্দিষ্ট সময়ের অন্তত এক সপ্তাহ আগে থেকেই ফরম পূরণের জন্য চাপ দিয়ে আসছে। অভিভাবকদের জানানো হয়েছিল, ফরম পূরণের শেষ দিন ১০ নভেম্বর এবং এর মধ্যে টাকা জমা না দিলে বড় ধরনের জটিলতা তৈরি হবে। এই কৃত্রিম তাড়া ও হুমকির মুখে অনেক অভিভাবক চরম আর্থিক কষ্টে দিনমজুরি বা ঋণ করে টাকা জোগাড় করে জমা দিলেও অনেকে এখনো তা দিতে পারেননি।
আইডিয়াল মডেল একাডেমি উচ্চবিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক এস.কে. সরকার টিটু অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘আমরা বেসরকারি স্কুল চালাই, অনেক খরচ লাগে। এ জন্য ৯ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’
তবে তিনি ব্যয়ের সুনির্দিষ্ট কোনো খাত বা হিসাব দেখাতে পারেননি।
বোর্ড নির্ধারিত সময়ের আগেই টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, বোর্ডের সময় অনুযায়ীই তারা টাকা নিচ্ছেন। এ বিষয়ে স্কুলের প্রতিষ্ঠাতা আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব মো. এনামুল হক গণমাধ্যমকে জানান, বোর্ডের নির্ধারিত সময়ের আগে ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায় করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ বা সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন