প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : কুমারখালীর ছেঁউড়িয়ায় আজ বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় লালন তিরোধান দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা, আগত ভক্ত-অনুরাগীদের সুযোগ-সুবিধা, যানবাহন চলাচল এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সভাটি কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এবং এটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
সভায় জেলা প্রশাসক উল্লেখ করেন, লালন শাহ কেবল কুষ্টিয়ার নয়, বরং তিনি বাংলা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। তিরোধান দিবসের অনুষ্ঠানকে ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও দর্শনার্থীরা ছেঁউড়িয়ায় আসেন। তাদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী মন্তব্য করেন, লালন শাহের দর্শন দেশ-বিদেশে মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। লালনের স্মৃতিবিজড়িত ছেঁউড়িয়ার এই আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করতে হবে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, লালন শাহের দর্শন ও সংগীত বাঙালির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান যেন শান্তিপূর্ণ পরিবেশে এবং যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন।
সভায় বক্তারা উল্লেখ করেন, লালন তিরোধান দিবসের অনুষ্ঠান কুষ্টিয়ার অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন। দেশ-বিদেশের দর্শনার্থীদের কথা বিবেচনায় রেখে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা, তথ্যসেবা, যানজট নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
লালন তিরোধান দিবসের অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ লালন গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন