প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও তাঁর ছয় বছরের শিশুকন্যা।
রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় মাছবোঝাই একটি পিকআপভ্যানের ধাক্কায় তাঁদের বহনকারী অটোভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তার। সাইফুল ইসলাম রঞ্জু একই গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে সাইফুল ইসলাম রঞ্জু স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি দ্রুতগতির পিকআপভ্যান বিপরীত দিক থেকে এসে তাঁদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দেয়। এরপর পিকআপভ্যানটি ঘটনাস্থল থেকে চলে যায়।
দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম রঞ্জুর ভাই তাহের আহমেদ শুভ জানান, পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তাঁর ভাই ও ভাতিজিকে হারিয়েছেন তাঁরা। পরিবারের অন্য সদস্যরা আল্লাহর অশেষ রহমতে সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ বাড়িতে আনা হয়েছে। রোববার সন্ধ্যায় পবনবেগ মাদ্রাসায় জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, একই পরিবারের বাবা ও শিশুকন্যার এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এদিকে, বাবা ও মেয়েকে হারিয়ে শোকাহত পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। মর্মান্তিক এ ঘটনায় পবনবেগ গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন