প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী মূগাখান জামে মসজিদ প্রাঙ্গণে বিএনপির আয়োজিত মাদকবিরোধী সভায় গীতা পাঠের ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আয়োজক বিএনপির দুই নেতা মুসল্লিদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর চরামদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মূগাখান জামে মসজিদ প্রাঙ্গণে মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এছাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরামদ্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাবেশ কমিটির আহ্বায়ক মিজানুর রহমান চুন্নু শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন চরামদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মোহন মাস্টার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার।
তবে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে গীতা পাঠের বিষয়টি সামনে আসার পর স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলেও সমালোচনা শুরু হয়।
স্থানীয় কয়েকজন মুসল্লির অভিযোগ, মসজিদ ও এর প্রাঙ্গণের ধর্মীয় পরিবেশ এবং পবিত্রতা বিবেচনায় নিয়ে সেখানে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আয়োজকদের আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল। গীতা পাঠের বিষয়টি নিয়ে তারা আয়োজকদের কাছে ব্যাখ্যাও দাবি করেন।
এ ঘটনার জেরে গত ১১ সেপ্টেম্বর জুমার নামাজের সময় চরামদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মোহন মাস্টার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার স্থানীয় মুসল্লিদের মুখোমুখি হন। এ সময় তারা ওই ঘটনার জন্য উপস্থিত মুসল্লিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে মসজিদ, মাদ্রাসা কিংবা অন্যান্য ধর্মীয় স্থাপনা ও এর প্রাঙ্গণে কোনো রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে এ বিষয়ে আয়োজক বা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন