প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উজান থেকে নেমে আসা পলিমাটির ফলে ভোলা গড়ে উঠেছে। জেলার মাটি উর্বর হয়ে রয়েছে এর চারপাশে মেঘনা, তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগরের উপস্থিতির কারণে।
এটি প্রাকৃতিক মাছের উৎস হিসেবে কাজ করার পাশাপাশি উদ্বৃত্ত কৃষিপণ্যের জোগানও দেয়। এখানে জনবসতি হাজার বছরের পুরনো, যা ধান, সুপারি এবং ইলিশের জন্য পরিচিত। ভূখণ্ডের চারপাশের নদীতে জেগে ওঠা অসংখ্য চরের চারণভূমি মহিষ পালনের জন্য ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে। মহিষের দুধ এবং মাংস আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভোলার মহিষের দুধের ‘টক দই’ একটি জিআই (ভৌগলিক নির্দেশক) পণ্য, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতির জন্য যথেষ্ট সম্ভাবনাময়। তবে মহিষ পালন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাচ্ছে না। প্রাণিসম্পদ বিভাগের সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতাকে এর জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও জেলার দুর্গম চরাঞ্চলে মহিষ পালনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠেনি। তবুও ঝুঁকি নিয়ে শত শত বছর ধরে মহিষ উৎপাদনে ভূমিকা রাখছেন প্রান্তিক কৃষক। চরাঞ্চলে মহিষের নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে গত দুই বছরে চার শতাধিক মহিষ চুরি হয়েছে বলে দাবি করেছেন কৃষকরা।
এছাড়া বিভিন্ন সময় ঝড়-জলোচ্ছ্বাসে অসংখ্য মহিষ ভেসে গেছে। এসব সংকট দূর করতে সরকারি নজরদারি না থাকায় দিন দিন মহিষ পালনকারীর সংখ্যা কমছে। তাদের দাবি, সরকারি সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারলে এ খাতের উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে।
সম্প্রতি ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে গিয়ে স্থানীয় মহিষ পালনকারীদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তারা জানান, মহিষ এবং মহিষের দুধের কাঁচা দই জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ সরকারিভাবে মহিষের জন্য চরাঞ্চলে আজও নিরাপদ এবং টেকসই আশ্রয়কেন্দ্র গড়ে ওঠেনি।
ফলে প্রায়ই ঝড়-জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার পাশাপাশি প্রাণ হারাচ্ছে মহিষ। এতে চাষি বা খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সরকারি সহযোগিতা পাচ্ছেন না। বিভিন্ন সময় চর থেকে মহিষ চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা মিলছে না।
মহিষ পালনকারীদের অভিযোগ, সহযোগিতার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসন অনেকটা উদাসীন। প্রত্যেক উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর থাকলেও চরাঞ্চলের মহিষের বাতানে কর্মকর্তাদের দেখা যায় না। খামারিরা নিজেদের উদ্যোগে যুগ যুগ ধরে মহিষ পালন করে আসছেন।
এদিকে, মহিষ চুরি রোধে পাঁচ দফা দাবিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতি।
মানববন্ধনে মহিষ পালনকারীরা বলেন, মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা চর মদনপুর, চর কালুপর, চর গাজীপুর, চর বৈরাগী, চরকালী, চর কাঁকড়া, চর নেয়ামতপুর, মধুপুর, চর কাচিয়াসহ বিভিন্ন চরাঞ্চলে পূর্বপুরুষদের আমল থেকে তারা বংশানুক্রমে গরু-মহিষ পালন করে আসছেন। এটি তাদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন নয়, স্থানীয় অর্থনীতি এবং দেশের দুগ্ধ শিল্পেরও অন্যতম উৎস।
বক্তারা বলেন, চরম প্রতিকূল পরিবেশেও চরের মালিকদের কাছ থেকে চড়া দামে জমি লগ্নি নিয়ে তারা গরু এবং মহিষের খাবারের সংস্থান করেন। মেঘনার চরে আগে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখনকার মতো এমন নাজুক পরিস্থিতি আগে দেখা যায়নি। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত চরাঞ্চলের বিভিন্ন বাথান থেকে চার শতাধিক গরু-মহিষ চুরি হয়েছে। ফলে পুরো চরাঞ্চলে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
ভোলা জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, জেলার উপজেলায় বিচ্ছিন্ন ৮৫টি চরে ছোট-বড় ১৭৮টি বাথানে এক লাখ ২৪ হাজার মহিষ রয়েছে। প্রতিদিন গড়ে মহিষের দুধ উৎপাদন হয় আট থেকে ১০ মেট্রিক টন। এছাড়া প্রতিটি মহিষের গড় বাজারমূল্য প্রায় এক লাখ ২৫ হাজার টাকা।
চরাঞ্চলে মহিষের জন্য নিরাপদ আশ্রয়স্থল না থাকায় ২০২৪ সালে ঘুর্ণিঝড় ‘রেমালে’র প্রভাবে জলোচ্ছ্বাসে ভোলার চরাঞ্চল থেকে ৯ হাজার ৯৩১টি মহিষ ভেসে যায়। কিছুদিন পরে অধিকাংশ মহিষের খোঁজ মিললেও তার মধ্যে ২৬৯টি মারা যায়। ওই বছর মহিষের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় চার কোটি টাকা।
সূত্র জানায়, ঝড়-জলোচ্ছ্বাসের কবল থেকে মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য ভোলার চরাঞ্চলে ২২টি কিল্লা থাকলেও নির্দিষ্টভাবে মহিষের জন্য আলাদা কোনো কিল্লা বা আশ্রয়কেন্দ্র নেই। তবে গবাদিপশুর জন্য বেসরকারি গ্রামীণ জন উন্নয়ন এবং পরিবার উন্নয়ন সংস্থার উদ্যোগে চারটি কিল্লা নির্মিত হয়েছে।
মহিষের নিরাপত্তায় ৫০০ মহিষ ধারণক্ষমতার প্রায় ২৫০টি কিল্লার প্রয়োজন বলে জানিয়েছেন ভোলা জেলা প্রাণিসম্পদ বিভাগ।
বংশ পরম্পরায় প্রায় ৫০ বছর ধরে ভোলা দৌলতখান উপজেলার মদনপুরে মহিষ পালন করছেন মো. আব্দুল হাই। তিনি জানান, তার বাবাও চরে মহিষ পালন করতেন। বর্তমানে তার ৫০টি মহিষ রয়েছে। তবে মহিষ পালনে তারা সরকারি কোনো সহযোগিতা পাননি।
মহিষের পালনকারী জাকির হোসেন বাবুল জানান, দৌলতখানের নেয়ামতপুর চরে তার বাতানে শতাধিক মহিষ রয়েছে। বিভিন্ন সময়ে জলোচ্ছ্বাসে মহিষ হারিয়ে যায়, আবার অনেক সময় চুরি হয়। কিন্তু এ বিষয়ে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কোনো কার্যক্রম নেই। শুধু নেয়ামতপুর চরেই বিভিন্ন বাথানে প্রায় তিন হাজার মহিষ রয়েছে।
জাকির হোসেন জানান, বাথানিরা নিজ উদ্যোগে মাটি দিয়ে উঁচু করে নামমাত্র কিল্লার ব্যবস্থা করলেও এসব কিল্লা নিরাপদ নয়। তাই বিভিন্ন সময় মহিষ মালিকদের ক্ষতির মুখে পড়তে হয়। ক্ষতিগ্রস্ত বাথানিদের আর্থিকভাবে সহযোগিতা করা তো দূরের কথা, ভোলা প্রাণিসম্পদ বিভাগ তাদের খোঁজও নেয় না।
মহিষ মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম বলেন, প্রায় তিন যুগ ধরে তিনি ভোলা সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে মহিষ পালন করে আসছেন। কাচিয়া, মধুপুর এবং বৈরাগীর চরে তার ৩টি মহিষের বাথান রয়েছে। মহিষ পালন করতে গিয়ে বছরে তার প্রায় এক কোটি টাকা খরচ হয়। মহিষের ঘাসের জন্য প্রায় ৭০ লাখ টাকা দিয়ে চর লগ্নি রাখেন। গত দুই বছরে তার বাথান থেকে প্রায় ৫০টি মহিষ চুরি হয়েছে।
মহিষ পালনের এ খাত টিকিয়ে রাখতে সরকারের যথাযথ নজরদারির পাশাপাশি প্রশাসনের তৎপতরা বাড়ানোর দাবি জানান তিনি।
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, চুরি-ডাকাতির পাশাপাশি নানা কারণে মহিষ পালনকারীরা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দুঃখজনক হলেও সত্য, সরকার এ খাতটিকে তেমন গুরুত্ব দেন না। তাদের সমস্যা সমাধানে চরগুলোতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি বাথান মালিকদের সরকারিভাবে বিমার আওতায় আনতে হবে।
মহিষ পালনে নানা সংকটের কথা স্বীকার করে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন কালের কণ্ঠকে বলেন, জনবল সংকটের কারণে বাথানিদের কাঙ্খিত সেবা দিতে না পারলেও তারা স্বল্প জনবল নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, চুরি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে মহিষের আধুনিক ডাটাবেজ করার পরিকল্পনা রয়েছে। এটি করতে পারলে মহিষের চলাচল শনাক্ত করা যাবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা আরো বলেন, মহিষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শীত মৌসুমে। এ সময় ভোলার চরাঞ্চলে ব্যাপক তরমুজের চাষ হওয়ায় মহিষের খাবার সংকট দেখা দেয়। নদীর পানিও থাকে নোনা। ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে মহিষের দুধ উৎপাদনও কমে যায়। এ সংকট কাটাতে মহিষের জন্য স্থায়ী চারণভূমি করার পরামর্শ দেওয়া হচ্ছে খামারিদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন