প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি বাণী প্রদান করেছেন।
রোববার তিনি গণমাধ্যমে পাঠানো বাণীতে উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এমন একটি সময়ে পালিত হচ্ছে, যখন ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, আগ্রাসন, হত্যা, নির্যাতন ও মানবিক বিপর্যয়ের শিকার হয়ে রয়েছে। তাদের ওপর পরিচালিত নির্মমতা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ডের নাম নয়; এটি মুসলিম উম্মাহর ঈমান, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি পবিত্র ভূমি। পবিত্র মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মেরাজের স্মৃতিবিজড়িত এই পবিত্র মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন, অবরোধ ও সামরিক আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগণের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একটি জাতিকে তার নিজস্ব ভূখণ্ডে নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করার কোনো নৈতিক বা আইনগত ভিত্তি কারও নেই।
তিনি বলেন, ফিলিস্তিনি সংকটের মূল কারণ হলো দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা। এই সংকটের স্থায়ী সমাধানের জন্য ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন। দখলদারিত্ব ও আগ্রাসন অব্যাহত রেখে মধ্যপ্রাচ্যে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা বিভিন্ন সময়ে প্রতিবাদ জানিয়েছে এবং নির্যাতিত মানুষের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করেছে।
ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবসে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার আলোকে তারা জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি জোর দাবি জানাচ্ছে, ফিলিস্তিনে দখলদারিত্ব, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হোক। একই সঙ্গে পবিত্র মসজিদুল আকসার মর্যাদা, নিরাপত্তা ও মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতের অধিকার নিশ্চিত করতে হবে।
ডা. শফিকুর রহমান মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন তিনি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর রহমত ও সাহায্য বর্ষণ করেন, শহীদদের শাহাদাত কবুল করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন, বাস্তুচ্যুত মানুষকে নিরাপদ আশ্রয় দান করেন এবং পবিত্র মসজিদুল আকসা ও ফিলিস্তিনের ভূমিকে দখলদারিত্ব ও জুলুম থেকে মুক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন