প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
> জাতীয়
অটোরিকশার জন্য আলাদা লেন এবং চার্জিং স্টেশনসহ মোট ছয়টি দাবি উত্থাপন করেছে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’। রাজধানীসহ সারা দেশে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা ও স্বল্পগতির যানবাহনগুলোর জন্য আলাদা লেন সার্ভিসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পার্কিং ব্যবস্থা এবং চার্জিং স্টেশন স্থাপনের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে এসব দাবি উত্থাপন করা হয়।
সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত যানবাহনকে যানজট, দুর্ঘটনা এবং লোডশেডিংয়ের জন্য দায়ী করা হচ্ছে। তবে, কেন এত মানুষ রিকশা এবং ইজিবাইক চালান এবং কেন এত যাত্রী এসব বাহন ব্যবহার করেন, সে বিষয়টি কেউ উল্লেখ করছেন না।
তিনি আরও বলেন, তীব্র বেকারত্বের কারণে মানুষকে রিকশা চালানোর মতো কাজে টেনে আনা হচ্ছে। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য সহজ এবং সস্তা অন্য কোনো বাহন না থাকায় তারা এসব বাহন ব্যবহার করছেন। উল্লেখ্য, লোডশেডিং সাধারণত রাত ১০টার পর সবচেয়ে কম থাকে এবং ব্যাটারিচালিত বাহনগুলো তখন চার্জ করা হয়। তাই অপপ্রচার না করে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
এদিকে সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রশিক্ষণ, নিবন্ধন ও রুট পারমিটের আওতায় এনে একটি সমন্বিত নীতিমালা ও বিধিমালা চূড়ান্ত করা; স্থানীয় উৎপাদকদের সরকারি অনুমোদিত ই-রিকশার ডিজাইনে যানবাহন উৎপাদন ও বিপণনের অনুমতি দেওয়া; মেকানিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা; উৎপাদন ও বিপণনে বিশেষ গোষ্ঠী বা ব্যবসায়িক সিন্ডিকেটকে সুবিধা না দেওয়া।
এছাড়া, গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং ও চার্জিং স্টেশন স্থাপন, পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি প্রতিস্থাপনে সরকারি ভর্তুকি প্রদান; সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার বাধ্যতামূলক শর্ত প্রত্যাহার; দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারিচালিত যানবাহনের অনুমোদিত ডিজাইনে পরিবর্তনের জন্য অন্তত দুই বছরের সময় দেওয়া; যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রতিটি মহাসড়কে স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মনীষা চক্রবর্তী, নেতৃবৃন্দ এবং অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন