প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ সালাহ উদ্দিন শুভ্র ॥
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬: ১৯২২ সাল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরাজের অন্যতম সংক্ষুব্ধ বছর হিসেবে চিহ্নিত হয়। উপমহাদেশজুড়ে ক্ষুব্ধ ভারতবাসী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। অসহযোগ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করেছে। ব্রিটিশ পুলিশ ও আদালত ধরপাকড়, হত্যা, ফাঁসি, জেল-জুলুম চালাচ্ছে। যুবকেরা দেশমাতৃকার তরে তাদের জীবন-যৌবন বিলিয়ে দিচ্ছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসকদের এই অত্যাচারের বিরুদ্ধে তাঁর কলমে দ্রোহের আগুন শানিয়ে তুলেছেন। তিনি শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে মুক্তির গান বাজিয়েছেন। ব্রিটিশরাজ কবির লেখা শব্দের শক্তি থেকে ভীত হয়ে একের পর এক গ্রন্থের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯২২ থেকে ১৯৩১ সালের মধ্যে কাজী নজরুল ইসলামের পাঁচটি গ্রন্থ ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
‘ধূমকেতু’ পত্রিকার ১৯২২ সালের ৬ সেপ্টেম্বর সংখ্যায় কবির ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশিত হয়। কবিতার শুরুতেই ভারতবাসীকে ব্রিটিশ শাসনের অমানবিক আচরণের বিরুদ্ধে জাগিয়ে তোলার আহ্বান ছিল।
নজরুলের দ্রোহপূর্ণ ডাকে ব্রিটিশরাজ বিদ্রোহী কবির ওপর ভয়ানক ক্ষিপ্ত হয়ে ওঠে। তাঁর নামে জারি হয় হুলিয়া বা গ্রেপ্তারি পরোয়ানা। পরোয়ানা জারির আগেই জানা যায় যে, তাঁকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। খবর পৌঁছায় কবির কাছে। বিদেশে যাওয়ার অথবা পালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কবি বিদেশে যেতে রাজি হননি। তিনি দেশেও আত্মগোপনে থাকতে চাননি। কলকাতা থেকে বের হয়ে তিনি তখন সমস্তিপুরে ছিলেন। মাঝখানে নিজের বই বাবদ কিছু টাকা-পয়সার জন্য এক জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে কুমিল্লায় চলে যান। কুমিল্লা থেকে ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
কবিতা লিখে নজরুল অসহযোগ আন্দোলনের আসামি হিসেবে গ্রেপ্তার হন। তাঁকে রাজদ্রোহী সাব্যস্ত করা হয় এবং হুগলি জেলে পাঠানো হয়। সেখানে প্রায় এক বছর থাকতে হয় কবিকে। জেল কর্তৃপক্ষের অসদাচরণের প্রতিবাদে কবি চল্লিশদিন অনশন করেন। নজরুলের অনশনের খবর ভারতজুড়ে ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেকের অনুরোধ আসে অনশন তুলে নেওয়ার জন্য। সভা-সমাবেশের আয়োজনও করা হয়। নজরুলের মা জাহেদা খাতুন, মাতৃসম বিরজাসুন্দরী দেবীসহ বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রাজনৈতিক নেতাদের কাছ থেকেও অনশন ভাঙার ডাক আসে। একপর্যায়ে জনমতের চাপে ১৯২৩ সালের ২২ মে জেল-পরিদর্শক ড. আবদুল্লাহ সোহরাওর্য়ার্দী হুগলি জেল পরিদর্শন করেন এবং তাঁর আশ্বাস ও অনুরোধে ওই দিনই নজরুল চল্লিশ দিনের অনশন ভঙ্গ করেন।
কবি নজরুল আদালতে যে সাক্ষ্য দেন, তা সাহিত্যের একটি ঐতিহাসিক দলিল হয়ে ওঠে। সেটি ১৯২৩ সালের ২৭ জানুয়ারি ‘রাজবন্দীর জবানবন্দী’ হিসেবে ‘ধূমকেতু’তে প্রকাশিত হয়। কবি সেদিন বলেছিলেন, "আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী! তাই আমি রাজ কারাগারে বন্দী ও রাজদ্বারে অভিযুক্ত। ...একজন রাজা, হাতে রাজদণ্ড ; আর একজন- সত্য হাতে ন্যায়দণ্ড... আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত।"
এই বছর কবির প্রকাশিত প্রথম গদ্য সংকলন ‘যুগবাণী’ নিষিদ্ধ হয়। ‘যুগবাণী’ ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত কবি নজরুলের বিভিন্ন গদ্যের সংকলন। এসব গদ্যে নজরুল হিন্দু-মুসলমান সম্প্রীতির বাণী এবং ভারতবাসীকে জেগে ওঠার ডাক দিয়েছিলেন। এই বইয়ে বিদ্রোহী কবি এমন সব প্রবন্ধ লিখেছিলেন যা ব্রিটিশ সাম্রাজ্যকে ভেতর থেকে নাড়া দিয়েছিল। অনেকে বলেন, ব্রিটিশ প্রশাসন সবচেয়ে বেশি ভয় পেতো যুগবাণীকে।
এরপর ১৯২৪ সালে নিষিদ্ধ হয় তাঁর ‘বিষের বাঁশী’ এবং একই বছরে ‘ভাঙার গান’। বিষের বাঁশী হলো অগ্নিবীণার ধারাবাহিকতা। তবে নিষিদ্ধ করে নজরুলকে বরং আরো জনপ্রিয় করে তোলে ব্রিটিশ কর্তৃপক্ষ। যুবকদের মধ্যে তাঁর প্রতি আকর্ষণ অনেক বেড়ে যায়।
কবি নজরুলের ঘনিষ্ঠ বন্ধু ও ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মুজফ্ফর আহমদ নজরুলকে নিয়ে তাঁর স্মৃতিকথায় বলেছেন, ‘নজরুলের নিষিদ্ধ পুস্তক দু’খানা (‘বিষের বাঁশী’ ও ‘ভাঙার গান’) সংগ্রহের জন্যে অনেকের, বিশেষ করে যুবকদের আগ্রহের অন্ত নেই। আমি কত যুবককে এই পুস্তক দু’খানার জন্যে আবদুল হালীমের নিকটে আসতে দেখেছি।’
বিষের বাঁশী বিক্রির ঘটনা জানিয়ে নজরুল ইসলামের অন্যতম ঘনিষ্ঠ স্নেহভাজন ও জীবনীকার এবং কবি ও শিশুসাহিত্যিক খান মুহাম্মদ মঈনুদ্দীন বলছেন, ‘বিষের বাঁশী বাজেয়াফত হলে হবে কি? এতে তার বিক্রি ব্যাহত হয়নি। ১৯২৫ সালে ফরিদপুরে কংগ্রেসের প্রাদেশিক সম্মেলন আহূত হয়। এতে মহাত্মা গান্ধী যোগ দিয়েছিলেন। এখানেই গান্ধীজীর সাথে নজরুলের প্রথম পরিচয় ঘটে। এই সম্মেলনে নজরুল তার ‘‘চরকার গান’’ গেয়ে গান্ধীজীর বিশেষ স্নেহলাভ করেন। লোকচক্ষুর আড়ালে এই সম্মেলনে বিষের বাঁশীর শত শত কপি বিক্রি হয়েছিল। এর গোপনতা রক্ষার জন্য “বিষের বাঁশীর’’ নাম দেয়া হয়েছিল-‘‘বড়বই"। এ-ভাবে যে-টাকা পাওয়া গিয়েছিল, তাতে নজরুলের বিশেষ কায়দা হয়নি। বার ভূতেই এ টাকা লুটে খেয়েছিল।
‘বিষের বাঁশী’ ব্রিটিশ শাসকদের কতটা পীড়নের কারণ হয়ে উঠেছিল তার সাক্ষ্য দিচ্ছেন শ্রী সজনীকান্ত দাস। ‘শনিবারের চিঠি’র এ সম্পাদক লিখেছিলেন, ‘স্বদেশী আন্দোলনের যুগে রবীন্দ্রনাথ প্রমুখ কবিগণ যেভাবে বহুবিধ সঙ্গীত ও কবিতার সাহায্যে বাঙ্গালীর দেশপ্রেম উদ্বুদ্ধ করিয়াছিলেন, অসহযোগ আন্দোলনের বৃহত্তম বিপ্লবে যে-কারণেই হউক তাহারা ঠিক সেভাবে সাড়া দেন নাই। একমাত্র কবি নজরুলই ছন্দে, গানে এই আন্দোলনকে জয়যুক্ত করিয়াছিলেন। বাংলাদেশের মত অনড় ও জড় দেশকে জাগাইবার জন্য যে আবেগময় উচ্ছুসিত প্রাণ- বন্যার প্রয়োজন ছিল, কবি নজরুলের মধ্যে তাহার প্রকাশ ঘটিয়াছিল।
বই নিষিদ্ধ হওয়ার ফলে বিদ্রোহী কবিকে আর্থিক ও পারিবারিক সংকটও মোকাবিলা করতে হয়। কিন্তু কবি ব্রিটিশ খড়গ, অর্থাভাব, রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি কিছুতেই দমে যাননি। খান মুহাম্মদ মঈনুদ্দীন বলছেন, ‘বিষের বাঁশী’ বাজেয়াফত হওয়ায় তার দুর্গতি চরম সীমায় গিয়ে পৌঁছলো। কিন্ত তাতেই কি দমবার পাত্র তিনি? স্বয়ং তিনি সভা-সমিতিতে যোগদান করে, তার স্বভাবগত জোরালো কণ্ঠে গান গেয়ে, বাঙালীর জাতীয় জীবনের জড়তা ভেঙে চুরমার করে দিতে লাগলেন। অর্থাভাবে তার কষ্ট হচ্ছে-চালের হাঁড়িতে তাঁর নেংটি ইঁদুরে বক্সিং খেলছে। জুতো নেই, জামা নেই। তিনি চারণের বেশে গান গেয়ে দেশে দেশে বেড়াতে লাগলেন।
ব্রিটিশদের হয়রানি নিয়ে নজরুল তার মনোবেদনা জানিয়ে এক চিঠির জবাবে প্রিন্সিপ্যাল ইব্রাহিম খাঁ-কে লিখেছিলেন, ‘অর্থ আমার নাই, কিন্তু সামর্থ্য যেটুকু আছে, তা ব্যয় করতে কুণ্ঠিত কোনদিন হয়েছি, এ-বদনাম আর যেই দিক, আপনি দেবেন না বোধহয়। আমার এই দেশ-সেবার সমাজ-সেবার “অপরাধের” জন্য শ্রীমৎ সরকার বাবাজীর আমার উপর দৃষ্টি অতি মাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। আমার সবচেয়ে চলতি বইগুলোই গেল বাজেয়াফত হয়ে। এই সে-দিনো পুলিশ আবার আমায় জানিয়ে দিয়েছে, আমার নব-প্রকাশিত ‘রুদ্র-মঙগল’ আর বিক্রি করলে আমাকে রাজদ্রোহ অপরাধে ধৃত করা হবে।’
রুদ্র-মঙ্গল অবশ্য নিষিদ্ধ হয়নি। এ ছাড়া ‘অগ্নিবীণা’, ‘ফণিমনসা’, ‘সঞ্চিতা’, ‘সর্বহারা’ নিয়ে সতর্কতা জারি করেছিল ব্রিটিশ সরকার।
আর যে দুটি বই নিষিদ্ধের কোপানলে পড়ে, সেগুলো হলো ‘প্রলয়-শিখা’ এবং সবশেষে ‘চন্দ্রবিন্দু’। ‘প্রলয়-শিখা’ নিষিদ্ধ হয় ১৯৩০ সালে এবং ‘চন্দ্রবিন্দু’ ১৯৩১ সালে। কবির তখন বড়ই দুঃসময়। প্রাণাধিক প্রিয় সন্তান বুলবুল পৃথিবীর মায়া ত্যাগ করেছে বেশিদিন হয়নি। এ সময়ই নিষ্ঠুরতার বর্বর রূপ প্রকাশ করে ব্রিটিশ সরকার।
বই নিষিদ্ধ হওয়ার ফলে কবি নজরুল ব্রিটিশ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। তরুণরা স্বাধীনতার দাবিতে নজরুলকে কেন্দ্র করে উজ্জীবিত হতে থাকে। আবার বই নিষিদ্ধ হওয়ার ফলে কবির আর্থিক সংকটও বেড়ে গেলো বহুগুণ।
বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ বাসসকে বলেন, ‘মোহনদাস করমচাঁদ গান্ধীর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার হতাশা থেকে তরুণরা বিদ্রোহী কবি নজরুলকে দেখে উজ্জীবীত হয়। নজরুল প্রথমে একবার ‘আনন্দময়ীর আগমনে’ লিখে জেলে যান। পরে আবার ‘প্রলয়-শিখা’র জন্য তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। যদিও গান্ধী-আরউইন চুক্তির আওতায় কবিকে আর কারাগারে যেতে হয়নি। এভাবে নিষিদ্ধ হওয়ার ফলে কবি নজরুল গান্ধী, মোহাম্মদ আলি জিন্নাহর মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
কবি মজিদ মাহমুদ এও যোগ করেন, বই নিষিদ্ধ হওয়ার ফলে কবি নজরুলকে আর্থিক সংকট মোকাবিলা করতে হয়েছে। তিনি তাঁর সুবিধামতো বই প্রকাশ করতে পারতেন না। নিষিদ্ধ ও রাষ্ট্রীয় ঝামেলার ভয়ে প্রকাশকরা বই ছাপতে চাইত না। আবার ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। তারপরও নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর বিদ্রোহ চালিয়ে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন