প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং সেবামূলক ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন কানিজ মওলা, যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব।
মঙ্গলবার (১০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মদিবসের শুরুতে সচিব কানিজ মওলা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর মোবাইল ফোনে মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রুর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর পর দুপুরে, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন সচিব। এই সময় তিনি ১ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রশিক্ষণ কর্মশালায় এসিআর পূরণ, অনুস্বাক্ষর, প্রতিস্বাক্ষর, দাখিল ও সংরক্ষণ, ডিজিটাল এসিআর এবং গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় সচিব কানিজ মওলা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, ত্রিপক্ষীয় সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এসব সভায় সাধারণত বিরোধ নিষ্পত্তি, নীতিনির্ধারণ ও পারস্পরিক চুক্তির বিষয়ে আলোচনা হয়। তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ অংশগ্রহণ এবং প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করা জরুরি।
প্রশাসনিক স্বচ্ছতা, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক কর্মপরিবেশের ওপর গুরুত্ব দিয়ে সচিব বলেন, কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। কানকথা বা আড়ালে অভিযোগ না করে, কোনো বিষয়ে বক্তব্য থাকলে সরাসরি তা তুলে ধরার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, সত্যকে এড়িয়ে না গিয়ে সবার সামনে স্পষ্টভাবে কথা বলাই হওয়া উচিত প্রশাসনিক আচরণের মূলনীতি।
সচিব আরো বলেন, তার দরজা সবার জন্য উন্মুক্ত। জনস্বার্থে প্রত্যেককে নিজ নিজ দক্ষতা বাড়াতে হবে এবং কর্মক্ষেত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ, আর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। তাই সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন।
তিনি বলেন, অফিস চলাকালীন পুরো সময় জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। পাশাপাশি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন সচিব।
অনুষ্ঠানের শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়াদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সচিবের সামনে তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব অতুল সরকার, যুগ্মসচিব কাজী তোফায়েল হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন